shono
Advertisement
PV Sindhu

কাটল ৭ বছরের খরা, প্রথম ভারতীয় হিসাবে ঐতিহ্যবাহী টুর্নামেন্ট জিতে কামব্যাক সিন্ধুর

২০২৪ সালে সৈয়দ মোদি ইন্টার ন্যাশনাল জিতেছিলেন। তারপর লাগাতার ব্যর্থতা। যদিও ওপেন পর্যায়ে খেতাবের অপেক্ষা আরও বেশিদিনের। প্রায় সাতবছর ধরে বড় কোনও টুর্নামেন্ট জিততে পারেননি সিন্ধু।
Published By: Anwesha AdhikaryPosted: 02:07 PM Jul 19, 2026Updated: 02:07 PM Jul 19, 2026

দীর্ঘদিনের ট্রফি খরা কাটল। প্রথম ভারতীয় হিসাবে জিতলেন ঐতিহ্যবাহী টুর্নামেন্ট। রবিবার সকালে জোড়া সাফল্য এল পিভি সিন্ধুর ঝুলিতে। ফেভারিট আকানে ইয়ামাগুচিকে হারিয়ে জাপান ওপেন জিতে গেলেন ভারতীয় শাটলার। এর আগে কোনও ভারতীয় জাপান ওপেনে চ্যাম্পিয়ন হতে পারেননি। রবিবার দুরন্ত পারফরম্যান্সে সেই অধরা শৃঙ্গ জয় করলেন সিন্ধু।

Advertisement

শেষবার সিন্ধু ট্রফি জিতেছিলেন বছরদুয়েক আগে। ২০২৪ সালে সৈয়দ মোদি ইন্টার ন্যাশনাল জিতেছিলেন। তারপর লাগাতার ব্যর্থতা। যদিও ওপেন পর্যায়ে খেতাবের অপেক্ষা আরও বেশিদিনের। প্রায় সাতবছর ধরে বড় কোনও টুর্নামেন্ট জিততে পারেননি সিন্ধু। অলিম্পিকে জোড়া পদকজয়ীর সমস্যা আরও বাড়ে ২০২২ কমনওয়েলথ গেমসের পর। গোড়ালিতে চোটের কারণে তাঁর কেরিয়ার শেষ হয়ে যাবে বলেই মনে করছিল ক্রীড়ামহল।

কিন্তু দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার অবস্থা থেকে দুরন্ত কামব্যাক করলেন সিন্ধু। চলতি বছরের শুরু থেকেই হারানো ফর্ম ফিরে পেয়েছেন ধীরে ধীরে। তবে ট্রফিখরা কাটল জাপানে এসে। ফাইনালে সিন্ধুর প্রতিপক্ষ ছিলেন শক্ত গাঁট ইয়ামাগুচি। গত চার বছরে একবারও এই জাপানি তারকাকে হারাতে পারেননি সিন্ধু। ঘরের কোর্টে খেলতে নামা ইয়ামাগুচির পক্ষে সমর্থনও ছিল প্রবল। তবে ম্যাচের শুরু থেকেই রাশ ছিল সিন্ধুর হাতে। মাঝে মাঝে অবশ্য কম সময়ের মধ্যে একাধিক পয়েন্ট জিতে ম্যাচে ফিরছিলেন ইয়ামাগুচিও। শেষ পর্যন্ত ২১-১৭ ফলে প্রথম গেম জিতে নেন সিন্ধু।

দ্বিতীয় গেমটাও একই ধাঁচে এগোয়। শুরুতে সিন্ধুর দাপট, তারপর পিছিয়ে পড়া অবস্থা থেকে ইয়ামাগুচির কামব্যাক। তবে গেমের মাঝামাঝি এসে ছন্দ হারাতে শুরু করেন জাপানি শাটলার। ১৪-৭ পিছিয়ে থাকা অবস্থা থেকে ১৭-১৪ পর্যন্ত এগিয়ে এসে একটা মরিয়া চেষ্টা করেন। কিন্তু তারপর থেকে বেশ কয়েকটা ভুল করে বসেন। শেষ পর্যন্ত দ্বিতীয় গেমও ২১-১৭ ফলে জিতে যান। সাত বছর পর ওপেন জিতে সিন্ধুর দুচোখ বেয়ে নেমে আসে জলের ধারা। ম্যাচের পর জানালেন, এই জয়টা তাঁর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আপাতত এই সাফল্যে ভর করে বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুতি নিতে চাইছেন সিন্ধু।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement