shono
Advertisement
Pakistan Hockey Players

ভিখারির দশা পাকিস্তানের! হোটেলের বিল মেটাতে না পেরে বাসন মাজলেন খেলোয়াড়রা

এই ঘটনা প্রকাশ্যে এনেছেন পাকিস্তান অধিনায়ক ইমাদ বাট। এরপর রীতিমতো হইচই পড়ে গিয়েছে সোশাল মিডিয়ায়। এমনকী তদন্তের নির্দেশ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
Published By: Prasenjit DuttaPosted: 02:55 PM Feb 18, 2026Updated: 11:36 PM Feb 18, 2026

পকেটে রেস্ত নেই। তবু পাকিস্তানের হকি দল গিয়েছে বিদেশে টুর্নামেন্ট খেলতে। এর জন্য লজ্জায় মুখ লোকানোর অবস্থা হল পাক দলের। টাকা দিতে না পারায় হোটেলে বাসন পর্যন্ত মাজতে হল সেদেশের জাতীয় দলের হকি খেলোয়াড়দের। এই ঘটনা প্রকাশ্যে এনেছেন পাকিস্তান অধিনায়ক ইমাদ বাট। এরপর রীতিমতো হইচই পড়ে গিয়েছে। তদন্তের নির্দেশ দিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। 

Advertisement

এফআইএইচ প্রো লিগের দ্বিতীয় লেগের ম্যাচ খেলতে অস্ট্রেলিয়া গিয়েছে পাকিস্তান দল। অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় নেমে আয়োজক দেশের কাছে হেরেও যায় পাক বাহিনী। এরপর অস্বস্তিকর ঘটনার সাক্ষী থেকেছে পাকিস্তান হকি দল। পাকিস্তান হকি ফেডারেশন টাকা না দেওয়ায় হোটেলের বুকিং ক্যানসেল করে দেওয়ায় ১২ থেকে ১৫ ঘণ্টা অসহায়ের মতো লাগেজ নিয়ে তাঁদের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হয়। সঙ্গে বাসনও পর্যন্ত মাজতে হয়েছে তাদের।

লাগেজ নিয়ে ক্যানবেরার রাস্তায় পাকিস্তানি হকি দল। ছবি এক্স।

দলের দুরবস্থার কথা তুলে ধরে পাকিস্তানের জাতীয় দলের অধিনায়কের মন্তব্য, "অস্ট্রেলিয়া সফরের কথা বলতে গেলে ফ্লাইট এবং হোটেল ব্যবস্থা দিয়ে শুরু করব। সিডনিতে নামার পর অপেরা স্ট্রিটের কাছে ১২ থেকে ১৫ ঘণ্টা ধরে অসহায় মানুষের মতো ঘুরে বেড়াতে হয়েছিল। কেউ আমাদের দিকে ফিরেও তাকায়নি। হোটেল ছিল না। সময়মতো খাবারও দেওয়া হয়নি।" এরপর ফেডারেশনের বিরুদ্ধে তোপ দেগে বাট বলেন, "অনেক হয়েছে। ফেডারেশনের এখনকার কর্তাদের সঙ্গে আমাদের কাজ করা অসম্ভব। ম্যাচ খেলতে যাওয়ার আগে আমাদের রান্নাঘর পরিষ্কার করতে হয়। বাসনও মাজতে হয়। এরপরেও আমাদের কাছ থেকে ভালো পারফরম্যান্স কীভাবে আশা করা হয়?" 

পাক অধিনায়কের কথায়, বলেন, “প্রথমেই স্পষ্ট করে বলি, পাকিস্তানে যা খবর পৌঁছেছে তা সম্পূর্ণ সত্য। দলের পক্ষ থেকে যে ভিডিওগুলি পাঠানো হয়েছিল, সেসব সত্য।" 

ইমাদ বাট আরও বলেন, "প্রথমেই স্পষ্ট করে বলি, পাকিস্তানে যা খবর পৌঁছেছে তা সম্পূর্ণ সত্য। দলের পক্ষ থেকে যে ভিডিওগুলি পাঠানো হয়েছিল, সেসব সত্য। সেই ভিডিও ভারতে পৌঁছেছে বলে আমাদের টিম ম্যানেজমেন্ট জানিয়েছিল। তবে এটা আমাদের দেশের বিষয়। দেশের মানহানি করা উচিত নয়। তাই আমি একটি ভিডিও তৈরি করে বলেছিলাম যে, সবকিছু ঠিক আছে এবং দলের সঙ্গে কোনও অবিচার হচ্ছে না। কিন্তু বাস্তবে, এটি সত্য ছিল না। যে খবর বা ভিডিও উঠে এসেছে, সব কিছু সত্য ছিল।" এমনকী এই বিষয়ে মুখ খুললে ফেডারেশন কর্তারা খেলোয়াড়দের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তুলবেন বলে হুঁশিয়ারি দিয়েছিলেন বলে অভিযোগ করেন তিনি। "ফেডারেশন কর্তারা আমাদের আগে থেকেই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। এই অব্যবস্থা নিয়ে কেউ কোনও কথা বললে কড়া ব্যবস্থা এবং শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হবে বলে হুমকি দিয়েছিলেন। তবে অস্ট্রেলিয়া সফরের চূড়ান্ত অব্যবস্থা নিয়ে কথা না বলে পারলাম না। আমাদের দল খারাপ নয়। দলের মধ্যে ব্যালান্সও ভালো। আমাদের দরকার বিদেশি কোচ এবং দক্ষ কর্তা।" বলে দিলেন বাট। 

সূত্রের খবর, প্লেয়ার ও কর্মকর্তাদের জন্য ক্যানবেরায় ফোর স্টার হোটেল বুক করা হয়েছিল। জানানো হয়েছিল, পাকিস্তান হকি সংস্থা সব টাকা শোধ করে দেবে। কিন্তু প্লেয়াররা জানতে পারেন, ওই হোটেলে তাঁদের জন্য কোনও ঘর বুক করাই নেই। এমনকী কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি হকি দলের কোচ। শেষমেশ প্লেয়ার ও কর্মকর্তাদের স্থানীয় পাকিস্তানি বাসিন্দারা উদ্ধার করতে এগিয়ে আসেন। পরে অবশ্য হোটেলের ব্যবস্থা হয়। তবে তাতেও সমস্যা মেটেনি। হোটেলে তখন আর ঘর ছিল না। তাই অল্প সংখ্যক ঘরে সবাইকে থাকতে হয়েছিল। একটা ঘরে দুই-তিনজন প্লেয়ারকে থাকতে হয়। আর পরদিন সেখান থেকেই সোজা মাঠে যেতে হয়েছিল। সেটারই যেন ছাপ পড়েছে পাকিস্তানের খেলায়। পাক অধিনায়ক জানিয়েছেন, তাঁদের এয়ারবিএনবি বুকিং থাকার কথা ছিল ১৩ দিন। কিন্তু বুক করা হয় ১০ দিনের জন্য। ১০ দিন পর গোটা পাকিস্তান দলকে সস্তার হোটেলে গিয়ে উঠতে হয়েছিল। এখানেই শেষ নয়। ক্যানবেরা যাওয়ার আগে সিডনি বিমানবন্দরেও তাঁদের ১৩-১৪ ঘণ্টা বসে থাকতে হয়েছিল বলে অভিযোগ করেছেন তিনি। 

বাটের অভিযোগের পর নড়েচড়ে বসেছে পাক প্রশাসন। তদন্তের নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, তিনি আবার ফেডারেশনের প্যাট্রন ইন চিফও। পাকিস্তান স্পোর্টস বোর্ডের (পিসিবি) ডিরেক্টর জেনারেল নুর সাবাহ বলেন , "মারাত্মক ধরনের এক অভিযোগ উঠেছে। এর জন্য বিস্তারিত রিপোর্ট তৈরি হচ্ছে। যা পাঠানো হবে প্রধানমন্ত্রীকে শরিফকে।" তাছাড়াও পিএসবি'র এক কর্তা জানিয়েছেন, অস্ট্রেলিয়ায় পাকিস্তানের জাতীয় দলের থাকার ব্যবস্থা করার জন্য ১ কোটির বেশি পাকিস্তানি টাকা (ভারতীয় মুদ্রায় ৩২ লক্ষ ৪২ হাজার টাকা) দেওয়া হয়েছিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement