বড় অঙ্কের বিনিয়োগ করা আপনার সাধ্যের বাইরে? অথচ ভবিষ্যতের কথা মাথায় রেখে সঞ্চয় তো করতেই হবে! তাহলে উপায়? আজকাল বাজারে হাজারো চটকদার স্কিম রয়েছে। কিন্তু সেসব আদৌ কতটুকু সুরক্ষিত তা বলা মুশকিল। এখন প্রশ্ন হল—বড় কোনও ঝুঁকি না নিয়ে, প্রতি মাসে নামমাত্র টাকা জমিয়েই লাখ টাকার মালিক হওয়া সম্ভব? উত্তর হল,হ্যাঁ। সাধারণ মানুষের এই স্বপ্নের কথা মাথায় রেখে এবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) নিয়ে এসেছে একটি দুর্দান্ত সঞ্চয় প্রকল্প— ‘হর ঘর লাখপতি’ স্কিম (Har Ghar Lakhpati Scheme)।
ফাইল ছবি
কী এই ‘হর ঘর লাখপতি’ স্কিম?
এটি আসলে এসবিআইয়ের একটি বিশেষ রিকারিং ডিপোজিট (RD) স্কিম। এখানে প্রতি মাসে ছোট ছোট কিস্তিতে টাকা জমা দিতে হয়। মেয়াদের শেষে নিশ্চিত ভাবে হাতে আসবে ১ লক্ষ টাকা বা তার গুণিতক অর্থ। বাজার ওঠানামার কোনও ঝুঁকি এখানে নেই।
মাসে কত টাকা জমা দিতে হবে?
- জমার পরিমাণ নির্ভর করবে আপনি কত দিনের জন্য টাকা রাখছেন তার ওপর।
- আপনি যদি ১০ বছরের জন্য টাকা জমা করেন, তবে মাসে মাত্র ৫৯০ থেকে ৬১০ টাকা দিলেই হবে।
- মেয়াদের সময় যত কমাবেন, মাসের কিস্তির পরিমাণ তত বাড়বে।
- সুদের হারের ওপর ভিত্তি করেই আপনার মেয়াদের শেষে জমার অঙ্ক ঠিক হয়।
ফাইল ছবি
কাদের জন্য এই সুযোগ?
যেকোনও ভারতীয় নাগরিক এই স্কিমে অ্যাকাউন্ট খুলতে পারেন। একলা বা যৌথ ভাবেও অ্যাকাউন্ট চালু করা যায়। ১০ বছরের বেশি বয়সের নাবালকরাও অভিভাবকের মাধ্যমে এতে যোগ দিতে পারবে। বয়স্ক বা প্রবীণ নাগরিকরা এই স্কিমে বিনিয়োগ করলে অতিরিক্ত সুদের বিশেষ সুবিধাও পাবেন।
কী কী সুবিধা পাবেন?
মাসিক সামান্য টাকা জমিয়েই ভবিষ্যতের বড় লক্ষ্যপূরণ করা সহজ হবে। সন্তানদের পড়াশোনা, বাড়ি কেনা কিংবা বিয়ের খরচের জন্য এই পরিকল্পনা দারুণ কার্যকর। নিরাপদ ও ঝুঁকিহীন সঞ্চয়ের জন্য এটি বেশ নির্ভরযোগ্য।
ফাইল ছবি
আবেদন করবেন কীভাবে?
প্রয়োজনীয় কেওয়াইসি (KYC) নথি নিয়ে নিকটবর্তী এসবিআই শাখায় গিয়ে এই অ্যাকাউন্ট খোলা যায়। এ ছাড়া ঘরে বসেই YONO অ্যাপ বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে সহজেই আবেদন করতে পারবেন। তবে বিনিয়োগের আগে ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইট থেকে বর্তমান সুদের হার ও শর্তাবলি এক বার দেখে নেওয়া ভালো।
