Advertisement
গোলাপিতেই 'মাচো ম্যান' রোনাল্ডো-এমবাপে, কেন নিয়ন পিঙ্ক জুতোয় বিশ্বকাপ খেলছেন তারকারা?
গোলাপি রঙটাকে যুগে যুগে 'মেয়েলি' বলে দাগিয়ে এসেছে সমাজ। মহিলাদের বোঝাতে গোলাপি রঙের ব্যবহার যেন অলিখিত নিয়ম।
গোলাপি রংটাকে যুগে যুগে 'মেয়েলি' বলে দাগিয়ে এসেছে সমাজ। মহিলাদের বোঝাতে গোলাপি রঙের ব্যবহার যেন অলিখিত নিয়ম। কিন্তু এবারের বিশ্বকাপ সেই পুরনো ধ্যানধারণায় আঘাত হেনেছেন কিলিয়ান এমবাপে থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গোলাপি বুট পরেই মাঠে নেমে পড়ছেন। বিশ্বের তাবড় স্পোর্টস ব্র্যান্ডগুলিও গোলাপি ঝড়ে গা ভাসিয়েছে। কিন্তু এমনটা হল কী করে?
চলতি বিশ্বকাপে আত্মপ্রকাশ হলেও, ফুটবলারদের গোলাপি জুতো নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছিল বহু আগেই। নাইকি, অ্যাডিডাস, পিউমা, নিউ ব্যালেন্স, স্কেচার্সের মতো বিশ্বসেরা ব্র্যান্ডগুলির জুতো পরে এবারের বিশ্বকাপে খেলছেন তারকা ফুটবলাররা। তাঁদের মধ্যে অধিকাংশই পরছেন 'নিওন পিঙ্ক' রঙের জুতো। তবে ব্যতিক্রম লিওনেল মেসি। আর্জেন্টিনা নীল-সাদা জুতো পরেই খেলবেন তিনি।
কিন্তু সবাই একসঙ্গে গোলাপি জুতো পরতে শুরু করলেন কেন? শুধুই ফ্যাশন নয়, নেপথ্যে রয়েছে বিস্তর যুক্তিও। নাইকির কর্তা ওডিঙ্গা নিমাকো বলছেন ফুটবলারদের দাবি মেনেই তৈরি হয়েছে এই গোলাপি বুট। কেন এই দাবি? নিমাকোর কথায়, নিওন পিঙ্ক রংটা বেশ উজ্জ্বল। বিশ্বকাপের মতো বড় মঞ্চে ফুটবলারদের আত্মবিশ্বাস বাড়ায় এই ধরনের উজ্জ্বল রঙের পোশাক-জুতো। এই দাবি থেকেই গোলাপি জুতো তৈরির ভাবনা।
মাঠে সবুজ ঘাসের মধ্যে খুবই স্পষ্টভাবে চোখে পড়বে গোলাপি রং। জুতো তৈরির নেপথ্যে এটাও একটা বড় কারণ। বিখ্যাত ব্র্যান্ডগুলি বুঝেছে, জুতো যত স্পষ্টভাবে দেখা যাবে ততই পরিচিতি বাড়বে তাদের। তাই বিশ্বকাপ উপলক্ষে গোলাপি রঙের জুতোর বিশেষ সম্ভার এনেছে নাইকি-অ্যাডিডাসের মতো সংস্থাগুলি। বিশ্বকাপের এক সপ্তাহের মধ্যেই রীতিমতো চর্চায় উঠে এসেছে এই গোলাপি জুতো।
গোলাপি রংটাই জুতোয় থাকবে, সেই সিদ্ধান্ত নিতেও প্রস্তুতকারী সংস্থাগুলি বেশ কাঠখড় পুড়িয়েছে। বেশ কয়েকটি রংকে সবুজ ঘাসের মধ্যে ফেলে দেখা হয়েছে। শেষ পর্যন্ত দেখা গিয়েছে, গোলাপি রংটাই সবচেয়ে বেশি স্পষ্ট হচ্ছে ঘাসের আড়াল থেকে। তাছাড়া, এবারের বিশ্বকাপে কোনও দলের জার্সিতেই গোলাপি রংটা নেই। তাই বিশ্বকাপে নতুন কিছু করার ভাবনা থেকে গোলাপি বুটের সূচনা।
মার্কিন মুলুকে তীব্র গরমের মধ্যে খেলতে হচ্ছে ফুটবলারদের। সেখানে গাঢ় রঙের জুতো পরলে সূর্যরশ্মি বেশি লাগার সম্ভাবনা। কিন্তু গোলাপির মতো হালকা রঙে আলো প্রতিফলিত হয়ে যায়। তার ফলে ফুটবলাররা কিছুটা আরাম পাবেন। পা হালকা লাগবে। তাঁদের পারফরম্যান্সও উন্নত হবে এই হালকা রঙের জুতো পরলে। তাই বিশ্বকাপের গরমের কথা মাথায় রেখেই গোলাপি জুতো বানানো হয়েছে।
তবে ফুটবলাররা গোলাপি জুতো পরলেও রেফারিদের পায়ে থাকবে কালো জুতো। এছাড়াও নীল-সাদার উপর গোলাপি বর্ডার দেওয়া জুতো পরছেন মেসি। মার্কিন যুক্তরাষ্ট্রের তারকা ক্রিশ্চিয়ান পুলিসিচের বুটেও রয়েছে মার্কিন পতাকার তারা। শোনা যাচ্ছে, বিশ্বকাপের মধ্যেই রোনাল্ডোর জন্য় বিশেষ সোনালি বুট রিলিজ করতে চলেছে নাইকি। ষষ্ঠবার বিশ্বকাপ খেলছেন সিআর সেভেন, সেটাকে সম্মান জানাতেই এই উদ্যোগ।
Published By: Anwesha AdhikaryPosted: 07:21 PM Jun 18, 2026Updated: 07:31 PM Jun 18, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
