Advertisement
কার হাতে বিশ্বকাপ, ভবিষ্যদ্বাণী গরিলা-শিম্পাঞ্জিদের! কী জানাচ্ছে পল অক্টোপাসের উত্তরসূরিরা?
ইতিমধ্যে কয়েকটা ম্যাচের ফলাফল মিলিয়েও দিয়েছে 'জ্যোতিষী' বিড়াল-মাছেরা।
পল দ্য অক্টোপাসকে মনে আছে তো? সেই যে, ২০১০ সালে একটি অক্টোপাস বিশ্বকাপের সব ম্যাচের ভবিষ্যদ্বাণী করছিল। এবং মিলিয়েও দিয়েছিল। এবার বিশ্বকাপ জিতবে কে? তার ভবিষ্যদ্বাণী করতে হাজির হাতি থেকে গোরিলা। কারও পছন্দ স্পেন, কেউ বা বেছে নিচ্ছে আয়োজক মেক্সিকোকে। কোন প্রাণী কোন দল বেছে নিল?
ঘুরে আসা যাক, মেক্সিকোর গুয়াদালাজারা চিড়িয়াখানা থেকে। তাদেরকে বিভিন্ন দলের পতাকা দেওয়া হয়েছিল। সেখান থেকে তারা বেছে নেয় কে চ্যাম্পিয়ন হবে। প্রথমে আলাপ করা যাক দু'টো খুদে ক্যাপিবারার সঙ্গে। তাদের ধারণা মেক্সিকোই চ্যাম্পিয়ন হবে। সেটা নিজের দেশের প্রতি পক্ষপাতিত্বের জন্য? নাকি মেক্সিকোর পতাকায় ঝোলানো সবজির প্রতি লোভ থেকে?
এবারের বিশ্বজয়ের অন্যতম দাবিদার স্পেন। সেটা ভালোমতোই জানে ওই চিড়িয়াখানার গরিলা ফউস্তিনা। সে বেছে নিয়েছে 'লা রোখাদের'। কিন্তু আগে তো গ্রুপ পর্বে উরুগুয়েকে হারাতে হবে। সেখানে ফউস্তিনার সঙ্গে ভিন্নমত তার বন্ধু চেঞ্চা। ৩৯ বছর বয়সি গরিলার দাবি, ২৭ জুন উরুগুয়ে স্পেনকে হারিয়ে দেবে। দু'জনকে দু'টো আলাদা জার্সির কাটআউট বেছে নিয়েছে।
গ্রুপ পর্ব অনেকটাই এগিয়ে গিয়েছে। সামনের ম্যাচগুলো থেকে ঠিক হবে, কারা বিশ্বজয়ের পথে এগিয়ে যাবে। দুই জিরাফের দাবি, 'কে' গ্রুপে ডিআর কঙ্গো কলম্বিয়ার মতো শক্তিশালী দলকে হারাবে। আগের ম্যাচে কঙ্গো পর্তুগালের সঙ্গে ড্র করেছে। এই ভবিষ্যদ্বাণী মিলে যেতে পারে। আবার মেক্সিকো যে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেবে, তা আগেই জানিয়ে রেখেছিল ওই চিড়িয়াখানার হাতি। বল গড়িয়ে নিয়ে ঠিক পতাকায় রেখেছে তারা।
তা বলে কি ভুলভ্রান্তি হয় না? তাও হয়। যেমন ১৪ বছরের একটি পুমা, নাম মুলুক। তার বাজি ছিল, চেক রিপাবলিক হারাবে দক্ষিণ কোরিয়াকে। কীভাবে মুলুক বেছে নিল? দুই দলের কার্ডবোর্ডের গায়ে মাংস ঝোলানো ছিল। মুলুকের পছন্দ চেক রিপাবলিকের দিকের মাংস। কিন্তু বাস্তবে দক্ষিণ কোরিয়া ২-১ গোলে হারিয়েছে চেকদের।
আরেক আয়োজক দেশ কানাডায় আছে 'জ্যোতিষী' গোল্ডফিশ। তার নাম সুইমবাপে। ঠিক ধরেছেন, এমবাপের নাম থেকে অনুপ্রাণিত। একটা অ্যাকোরিয়ামে দুই দেশের ফ্ল্যাগ থাকছে। সুইমবাপে বেছে নিচ্ছে তার পছন্দের দেশ। প্রথম ২০টা ম্যাচের মধ্যে ১০টা সঠিক ভবিষ্যদ্বাণী করেছে। তার মধ্যে জার্মানি, ফ্রান্স, আর্জেন্টিনার ম্যাচ জেতার কথা জানিয়ে দিয়েছিল সুইমবাপে।
এবার যাওয়া যাক ইংল্যান্ডের কেন্টের বণ্যপ্রাণীদের জন্য পার্কে। সেখানে রয়েছে চার মাসের এক শিম্পাঞ্জি জেন। 'এল' গ্রুপে ইংল্যান্ড ৪-২ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়াকে। সেই ভবিষ্যদ্বাণী করে রেখেছিল জেন। তার সামনে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার পতাকা রাখা ছিল। জেন বেছে নিয়েছে ইংল্যান্ডকেই। তবে ২০১৮ সালে এই চিড়িয়াখানার ঘোড়া অ্যাঙ্গাস গণনা ঠিক মেলাতে পারেনি।
এরকমই ঘটেছে রিও ডি'জেনেইরোর অ্যাকোরিয়ামে। সেখানে এক শার্কের উপর দায়িত্ব ছিল ব্রাজিল বনাম মরক্কো ম্যাচের ভবিষ্যদ্বাণী করার। 'রিতিনহা' নামের সেই শার্ক বেছে ছিল ব্রাজিলকে। তবে একেবারে সঠিক ভবিষ্যদ্বাণী ছিল নিম্বুস নামের এক বিড়ালের। সে জানিয়ে দিয়েছিল ম্যাচ ড্র হবে। বিশ্বকাপ এগোলে আরও ভবিষ্যদ্বাণী পাওয়া যাবে এই প্রাণীদের থেকে।
Published By: Arpan DasPosted: 03:18 PM Jun 20, 2026Updated: 03:18 PM Jun 20, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
