Advertisement
দড়ি-প্লাস্টিকের ফ্রকের পর এবার 'ফিতে পোশাকে' মনামী, 'উরফি জাভেদ' কটাক্ষে কী মত নায়িকার?
কয়েকশো 'মেজারমেন্ট টেপ' দিয়ে তৈরি হলুদ রঙের অফ-শোল্ডার পেপলাম ড্রেসে ঝড় তুললেন মনামী ঘোষ।
মনামী বরাবরই ফ্যাশন সচেতন। নিত্যনতুন ভাবনার পোশাকে ফ্যাশনের নতুন সংজ্ঞা তৈরি করেন। যে কোনও অনুষ্ঠানের রেড কার্পেটের জন্য নতুন লুক ক্রিয়েট করেন। এবার 'ফিতে পোশাকে' ধরা দিয়ে শোরগোল ফেললেন অভিনেত্রী।
কখনও দড়ি গাউন, প্লাস্টিকের ফ্রক, নকশিকাঁথার গাউন, কখনও তাঁর শাড়ির আঁচলজুড়ে মৃণাল সেনের অবয়ব, আবার কখনও অ্যাকোরিয়াম ব্যাগ হাতে বা দড়ির পোশাকে মোহময়ী মনামী ঘোষ। সাজগোজে তাক লাগাতে অভিনেত্রীর জুড়ি মেলা ভার!
এবারও মনামীর ফ্যাশন স্টেটমেন্টে চমক। কয়েকশো 'মেজারমেন্ট টেপ' দিয়ে তৈরি হলুদ রঙের পেপলাম স্টাইলের অফ-শোল্ডার পোশাকে সম্প্রতি এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়েছিলেন মনামী। নজর কাড়ল হাতের বাক্স-সদৃশ ব্যাগও। সেখান থেকেই অভিনেত্রীর পোশাক নিয়ে কৌতূহলের শুরুয়াত।
আসলে 'মাস্টারজি' অর্থাৎ দর্জি দাদাদের অক্লান্ত পরিশ্রমকে কুর্নিশ জানাতেই 'ফিতে পোশাক' তৈরি করিয়েছেন মনামী। অভিনেত্রী বলছেন, "এটি স্রেফ ফ্যাশন নয়, তাঁদের কাজের প্রতি আমার সেলাম।" সবথেকে আকর্ষণীয় পোশাকের নিচের অংশ, যেখানে কয়েকশো টেপ ঝালরের মতো ঝুলছে।
পশ্চিমী হোক কিংবা ট্র্যাডিশনাল, কোন পোশাক কীভাবে ক্যারি করতে হয়, সেটা মনামীর ভালোই জানা। তিনি যেমন শাড়িতে আদ্যোপান্ত বঙ্গনারী হয়ে উঠতে পারেন, তেমনই বিকিনিতেও সমান স্বচ্ছন্দ্য। সাজপোশাকের মাধ্যমে বরাবর সচেতনার বার্তা দেন মনামী ঘোষ।
একবার যেমন পুনর্নবীকরণযোগ্য প্লাস্টিকের ফ্রক পরে আর কাচের ব্যাগে মাছ নিয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন। এপ্রসঙ্গে মনামী জানান, "সমুদ্রে প্লাস্টিক ফেলা বন্ধ করে সেটাকে এভাবেও পুনরায় ব্যবহার করা যায়। এতে যেমন জলদূষণ বন্ধ হবে, তেমনই সমুদ্রের বাস্তুতন্ত্রও রক্ষা পাবে।"
মনামী ঘোষ বরাবর বিশ্বাস করেন, ফ্যাশনেরও একটা উদ্দেশ্য থাকা উচিত। যার একটা অন্তর্নিহিত অর্থ থাকবে। আরেক বাংলার লোকসংস্কৃতি আর গ্রামীণ কুটির শিল্পকে সম্মান জানাতে নকশিকাঁথা গাউন পরেছিলেন।
শান্তিনিকেতনের যে শিল্পীরা নকশিকাঁথা করেন, তাঁরাই সুতোয় নকশি কাঁথা ফুটিয়ে তুলেছিলেন মনামী ঘোষের পোশাকে। গোটা পোশাকে কাঁথা স্টিচ করতে সময় লেগেছে প্রায় ৮ দিন। ওয়েস্টার্ন গাউনের উপর কীভাবে বাংলার কারুশিল্পকে তুলে ধরা যায়? সেই ভাবনা থেকেই নকশি কাঁথা বেছে নেন তিনি।
তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে 'পদাতিক'-এর প্রচারে গিয়ে চিরন্তন ৯ গজের বিস্ময়বস্ত্রেই তুলে ধরেছিলেন তাঁর সিনেমা কাহন। যার আঁচলজুড়ে ছিল ‘পদাতিক’ কাহন। মৃণাল সেনের অবয়ব। তার সঙ্গে পরেছিলেন মানানসই রুপোর গয়না।
Published By: Sandipta BhanjaPosted: 09:08 PM Mar 26, 2026Updated: 09:21 PM Mar 26, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
