Advertisement
রূপে তাঁর আগুন জ্বলে! রুপোলি পর্দার পাশাপাশি ফ্যাশন দুনিয়ারও 'হার্টথ্রব' তামান্না
আভিজাত্য ও আধুনিকতার মিশেলে তামান্না যেন সত্যিই অনন্যা।
দক্ষিণী তারকা তামান্না ভাটিয়ার রূপলাবণ্যের অনুরাগী অসংখ্য। দাক্ষিণাত্য থেকে বলিউড, সর্বত্রই একের পর এক আইটেম গানে তিনি জিতেছেন আসমুদ্রহিমাচলের হৃদয়। সম্প্রতি এমনও শোনা গিয়েছিল একটি অনুষ্ঠানে পারফর্ম করতে নাকি ১ কোটি টাকা পর্যন্ত নেন অভিনেত্রী।
মাত্র পনেরো বছর বয়সেই পা রেখেছিলেন বিনোদুনিয়ায়। 'চাঁদ সা রোশন চেহারা' অবশ্য বাজারে চলেনি। এরপর তেলুগু, তামিল ছবিতেও কাজ করেন তামান্না। ধীরে ধীরে ভাগ্য সুপ্রসন্ন হয় তাঁর ছবিগুলির। প্রশংসিত হয় অভিনয়ও। ধীরে বিনোদন জগতে তাঁর খ্যাতি বাড়তে থাকে।
২০১৫ সালে 'বাহুবলী'র অবন্তিকার চরিত্রটি তাঁর কেরিয়ারের গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে ওঠে। গত এক দশকে ক্রমশ আরও বেড়েছে তাঁর জনপ্রিয়তা। এখন স্রেফ একটি আইটেম সংয়েই গোটা ছবির 'নিউক্লিয়াস' হয়ে উঠতে জানেন তামান্না।
কেবল রুপোলি পর্দাতেই নয়, ফ্যাশনের দুনিয়াতেও সকলকে মুগ্ধ করে দিতে পেরেছেন তামান্না। বিভিন্ন সময়ে নানা ফ্যাশন শোয়ে তাঁর ঝকঝকে উপস্থিতি সত্যিই নজরকাড়া। তাঁর আত্মবিশ্বাস, সৃজনশীলতা এবং ফ্যাশনের প্রতি ভালোবাসাই তাঁকে এতটা সফল করেছে। রইল গাউন পরিহিত নায়িকার সেরা পাঁচ ফ্যাশন-উপস্থিতি।
রাহুল মিশ্রর ইন্ডিয়া কাউচার উইক ২০২৫ শো উদ্বোধন করেন তামান্না। তাঁর পরনে ছিল 'চেরি' ফুলের গাউন! নরম ফুলের নকশার কারুশিল্পে খচিত পোশাকটিতে অনন্যা হয়ে উঠেছিলেন তামান্না।
বুলগারি সার্পেন্টি ইনফিনিটো প্রদর্শনী ২০২৫-এ তামান্নার লুক ছিল প্রদর্শনীর থিমের (পুনর্জন্ম ও অনন্ত) সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। মার্জিত রুচির গাউনটির সঙ্গে গয়নার কম্বিনেশন ছিল নজরকাড়া। তামান্না যেন লাবণ্যে অনন্তকে স্পর্শ করেছিলেন ওই শোয়ে।
ফাল্গুনি শেন পিককের জন্য রানওয়েতে হাঁটার সময় তামান্না উদ্ভাসিত হয়ে ওঠেন আভিজাত্য ও আধুনিকতার মিশেলে। প্রগতিশীল নকশায় সমৃদ্ধ পোশাকটিতে ছিল একটা 'ফিউচারিস্টিক' সৌন্দর্যের আভাস।
এখানে কালো 'ন্যুড' গাউনে তামান্না গ্ল্যামার এবং ফিগারের মধ্যে নিখুঁত ভারসাম্য রেখে চমকে দিয়েছেন। যে ফ্যাশন ইভেন্টে তিনি গিয়েছিলেন সেখানে তাঁর লুকটি একই সঙ্গে নজরকাড়া ও পরিশীলিত আবেদনে অভূতপূর্ব।
Published By: Biswadip DeyPosted: 04:48 PM Feb 08, 2026Updated: 04:48 PM Feb 08, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
