Advertisement
প্রথমবার পিতৃত্বের স্বাদ উপভোগ ভিকি-সিদ্ধার্থদের, পিতৃদিবসে কী করলেন পরম-প্রসেনজিৎরা?
'ভরসার আশ্রয় বাবা...' , তারকাদের কারও প্রথম পিতৃদিবস, কেউ বাবাকে হারিয়ে আবেগঘন!
২১ জুন আন্তর্জাতিক পিতৃদিবস। বিশেষ দিনের উদযাপনে মজেছে তারকারাও। সমাজমাধ্যমে বিভিন্ন আবেগঘন মুহূর্তের ছবি ভাগ করে নিয়ে কে কেমন পিতৃদিবস পালন করলেন? নজরে বলিউড-টলিউড সেলেবদের সেলিব্রেশন। তালিকায় ভিকি কৌশল, সিদ্ধার্থের মতো অভিনেতারা। পঁচিশ সালের ৭ নভেম্বর বাবা হন ভিকি। প্রথমবারের অভিজ্ঞতা নিয়ে অভিনেতার মত, 'ছেলের মধ্যে সঠিক মূল্যবোধ গড়ে তোলাটাই এখন আমার দায়িত্ব।'
এবার প্রথম পিতৃত্বের স্বাদ পেয়েছেন রাজকুমার রাও। ২০২৫ সালের নভেম্বরে চতুর্থ বিবাহবার্ষিকীর দিন কন্যা পার্বতী পল রাওকে স্বাগত জানান রাজকুমার-পত্রলেখা। কন্যাসন্তানের বাবা হয়ে রাজকুমার জানিয়েছিলেন, 'জীবনের সেরা আশীর্বাদ'। সেই প্রেক্ষিতে বাবা হিসেবে রাজকুমারেরও এবার প্রথম 'ফাদার্স ডে'।
২০২৫ সালের জুলাই মাসে পিতৃত্বের স্বাদ পান সিদ্ধার্থ মালহোত্রা। এবার 'শেরশাহ' তারকারও প্রথম পিতৃদিবস। এবছর খুদে সারায়ার সঙ্গে প্রথম বাবা দিবস উদযাপন করলেন সিদ্ধার্থ। এই উপলক্ষ্যে প্যানকেকের উপর আমের টুকরো দিয়ে 'ড্যাড' লিখে শুভেচ্ছা জানিয়ে কিয়ারা আডবানি লিখেছেন, "আমার সন্তানের বাবা, আমার নিজের বাবা এবং আমাদের স্বর্গত বাবা- যিনি আমাদের সবাইকে আশীর্বাদ করছেন- তাঁদের সকলকে শুভেচ্ছা।"
রণদীপ হুডাকে প্রথম পিতৃদিবসের শুভেচ্ছা জানিয়ে লিন লাইশরম লিখেছেন, "প্রতিদিন ভাবো— তুমি কি ওকে ঠিকঠাক ধরছ, ঠিক ঘুমপাড়ানি গান শোনাচ্ছ, সঠিক সিদ্ধান্ত নিচ্ছ? কিন্তু সত্যিটা হল, তুমি যে মেয়েকে নিয়ে এতটা ভাবছ এবং প্রতিদিন নিজেকে এসব প্রশ্ন করছ— তার অর্থই, তুমি তোমার সাধ্যমতো সেরাটাই দিচ্ছ। তোমাকে নিখুঁত হতে হবে না। পিতৃ দিবসের শুভেচ্ছা।" চলতিবছরেই মা-বাবা হয়েছেন লিন-রণদীপ।
আথিয়া শেট্টি ইনস্টাগ্রামে বেশ কিছু আবেগঘন ছবি শেয়ার করেছেন। যেখানে কেএল রাহুল এবং সুনিল শেট্টিকে একযোগে পিতৃদিবসের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। অভিনেত্রীর শেয়ার করা সাদাকালো ছবিতে দেখা যায়, রাহুল তাঁর মেয়েকে কাঁধে নিয়ে বেলুন নিয়ে খেলছেন। পিতৃ দিবসের এই বিশেষ দিনে বাবা-মেয়ের মধ্যকার সুন্দর সম্পর্কের এক সমীকরণ ফুটে উঠেছে সেই ছবিতে।
পিছিয়ে নেই টলিউড তারকারাও। ২০২৫ সালের ১ জুন বাবা হিসেবে ইনিংস শুরু করেন পরমব্রত চট্টোপাধ্যায়। সেই প্রেক্ষিতে তাঁরও এবার প্রথম পিতৃদিবস। পরমব্রতকে শুভেচ্ছা জানিয়ে পুত্র নডির সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন স্ত্রী পিয়া। যেখানে কখনও খুদের সঙ্গে খেলতে দেখা যাচ্ছে অভিনেতা-পরিচালককে, তো কখনও বা কোলে আগলে ঘুম পাড়াতে দেখা যাচ্ছে। পরমব্রতর পিতৃত্বের মুহূর্ত দেখে সোশাল পাড়াতেও প্রশংসার জোয়ার।
বাবা বিশ্বজিৎ ও ছেলে তৃষাণজিতের সঙ্গে ছবি দিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লিখেছেন, "সময়ের সঙ্গে অনেক কিছু বদলায়, কিন্তু বাবার ভালোবাসা কখনও বদলায় না। বাপি আমাকে যে মূল্যবোধ, শৃঙ্খলা শিখিয়েছেন, তা আজও আমার পথচলার শক্তি। আমিও একজন বাবা। তাই বুঝি, সন্তানের জন্য একজন বাবার ভালোবাসা, উদ্বেগ আর নিঃস্বার্থ ত্যাগ কতটা গভীর। এই বিশেষ দিনে বাপিকে জানাই অশেষ কৃতজ্ঞতা, ভালোবাসা।"
Published By: Sandipta BhanjaPosted: 07:31 PM Jun 21, 2026Updated: 07:31 PM Jun 21, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
