Advertisement
পাসপোর্ট-আধার নয়, কোন নথিতে প্রমাণ হতে পারে আপনি 'ভারতীয়'? রইল তালিকা
নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ তাহলে কী? এই প্রশ্ন তুলে এক্স হ্যান্ডেল-সহ বিভিন্ন সোশাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
কেবলমাত্র নাগরিকদের দেওয়া হয় ভারতীয় পাসপোর্ট। তা সত্ত্বেও বিদেশমন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হল, “পাসপোর্ট হল বিদেশ ভ্রমণের নথি, নাগরিকত্বের প্রমাণ নয়।" এই নিয়ে দেশজুড়ে চলছে প্রবল বিতর্ক। আমজনতা দিশেহারা। নিজেকে ভারতীয় হিসাবে প্রমাণ করতে ঠিক কী কী নথি প্রয়োজন, ভেবে পাচ্ছেন না। ঠিক কোন নথিটা আসলে নাগরিকত্বের প্রমাণ? ধোঁয়াশায় আমজনতা।
নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ তাহলে কী? এই প্রশ্ন তুলে এক্স হ্যান্ডেল-সহ বিভিন্ন সোশাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আমজনতার প্রশ্ন, অ-নাগরিকদের পাসপোর্ট দেওয়া হয় না। তাহলে পাসপোর্টকে কেন নাগরিকত্বের প্রমাণ হিসাবে ধরা হবে না কেন? যদিও পাসপোর্ট ব্যক্তির কাছে থাকলেও তা আদতে ব্যক্তির সম্পত্তি নয়। ভারত সরকারের সম্পত্তি।
গতবছর এসআইআর মামলার সময়ে আধার কার্ডকেও নাগরিকত্বের প্রমাণ হিসাবে স্বীকৃতি দেয়নি সুপ্রিম কোর্ট। তাহলে নাগরিকত্বের প্রমাণ হিসাবে কোন নথি দেখাতে পারেন ভারতীয় আমজনতা? সেই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে প্রথমেই জানা দরকার, ভারতের নাগরিক হওয়ার 'যোগ্যতা' কাদের রয়েছে? নাগরিকত্ব আইন অনুযায়ী জন্মসূত্রে এবং বাবা-মায়ের সূত্রে ভারতের নাগরিকত্ব মিলতে পারে। এছাড়াও আইনের বেশ কিছু ধারা মেনে নাগরিকত্বের শংসাপত্র দেওয়া হয়।
সরকারের দেওয়া এই শংসাপত্রটিই নাগরিকত্বের যথাযথ প্রমাণ। কিন্তু যাঁরা জন্মসূত্রে বা বাবা-মায়ের সূত্রে ভারতের নাগরিক, তাঁদের কাছে এই শংসাপত্র থাকে না। বর্তমানে অধিকাংশ ভারতীয় নাগরিকত্বই জন্মসূত্রে। ১৯৫০ থেকে ১৯৮৭ পর্যন্ত যাঁরা ভারতে জন্মেছেন, তাঁরা নাগরিক। তাঁদের সন্তানরা ভারতে জন্মালে পিতামাতার সূত্রে ভারতের নাগরিকত্ব পেয়েছেন। কিন্তু এঁরা কীভাবে ভারতীয় হিসাবে নিজেদের নাগরিকত্ব প্রমাণ? কোনও নির্দিষ্ট নথি আছে কি?
উত্তরটা হল, নির্দিষ্ট কোনও নথিই নেই যা ভারতের নাগরিকত্ব প্রমাণ করে। জন্মসূত্রে ভারতীয় হওয়ার পর নানা ধরণের পরিচয়পত্র তৈরি হয়। সাধারণত সেগুলিই নাগরিকত্বের প্রমাণ হিসাবে বিবেচিত হয়। সেক্ষেত্রে বার্থ সার্টিফিকেট, পিতামাতার নাগরিকত্বের শংসাপত্র পেশ করে ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করা যেতে পারে। কিন্তু এই নথিগুলোর কোনওটাকেই ভারতীয় নাগরিকত্বের প্রমাণ হিসাবে বিবেচনা করা যায় না।
বর্তমানে ভারতীয় নাগরিকদের কাছে নানারকম নথিপত্র রয়েছে। আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড-নানারকম নথি দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকেন আমজনতা। তবে সেগুলো সবই স্রেফ পরিচয়পত্র। গাড়ি চালানো, ঠিকানার প্রমাণ-সহ অন্যান্য কাজে পরিচয় দেওয়ার জন্য এই নথিগুলি ব্যবহৃত হয়। কিন্তু কোনও ব্যক্তি ভারতের নাগরিক, সেটা প্রমাণিত হয় না এই নথির মাধ্যমে।
আমজনতার প্রশ্ন, ভারতীয় নাগরিক না হলে তো ভারত সরকার তাঁকে পাসপোর্ট দেয় না। তাহলে পাসপোর্টকে কেন নাগরিকত্বের প্রমাণ হিসাবে ধরা হবে না? এই বিষয়টি নিয়ে বিদেশমন্ত্রক জানিয়েছে, নাগরিকত্ব মেলে সিটিজেনশিপ আইনের দ্বারা। কিন্তু পাসপোর্ট প্রদান করা হয় পাসপোর্ট আইনের আওতায়। বিদেশমন্ত্রক আরও জানিয়েছে, সরকার মনে করলে বিশেষ পরিস্থিতিতে এমন কাউকে পাসপোর্ট দিতে পারে যিনি ভারতের নাগরিক নন।
প্রসঙ্গত, নাগরিকত্ব আইন অনুযায়ী, ১৯৫০ সালের ২৬ জানুয়ারি থেকে ১৯৮৭ সালের ১ জুলাইয়ের ভারতে জন্ম হলে তাঁরা জন্মসূত্রে ভারতীয়। ১৯৮৭ সালের জুলাই মাসের পরে জন্মগ্রহণকারী কোনও ব্যক্তিও নাগরিকত্বের দাবি করতে পারেন, যদি তাঁর বাবা-মায়ের মধ্যে অন্তত একজন নাগরিক হন। এছাড়াও ৩ ডিসেম্বর ২০০৪ বা তার পরে জন্মগ্রহণকারীদের ক্ষেত্রে জন্মসূত্রে নাগরিকত্বের দাবি করা তখনই সম্ভব, যদি তাঁদের বাবা-মা উভয়েই ভারতীয় হন।
Published By: Anwesha AdhikaryPosted: 03:01 PM Jun 25, 2026Updated: 03:03 PM Jun 25, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
