shono
Advertisement
Thailand

প্রথমবার থাইল্যান্ড সফর? এই ভুলগুলি করলে কিন্তু পস্তাতে হতে পারে

মধ্যবিত্ত ফ্যামিলি বিদেশ ভ্রমণের প্ল্যানিং করলে, প্রথমেই মাথায় আসে থাইল্যান্ডের নাম। কিন্তু প্রথমবার এই স্বপ্নের দেশে পা রাখার আগে কিছু জরুরি বিষয় জেনে রাখা জরুরি। অন্যথায় আনন্দের সফর পুরোটাই মাটি হতে পারে।
Published By: Buddhadeb HalderPosted: 07:07 PM Jun 27, 2026Updated: 07:07 PM Jun 27, 2026

নীল সমুদ্রের আহ্বান আর থাই সসের সুবাস বাঙালির পায়ের সর্ষেকে উসকে দেয় বারবার। আপনার প্রথম বিদেশ সফরের তালিকায় কি থাইল্যান্ড? সস্তায় এমন চেনা অথচ অচেনা রূপের খোঁজ মেলা ভার। দেশটি জনপ্রিয় পর্যটন স্থানের মধ্যেও অন্যতম। মধ্যবিত্ত ফ্যামিলি বিদেশ ভ্রমণের প্ল্যানিং করলে, প্রথমেই মাথায় আসে থাইল্যান্ডের নাম। কিন্তু প্রথমবার এই স্বপ্নের দেশে পা রাখার আগে কিছু জরুরি বিষয় জেনে রাখা জরুরি। অন্যথায় আনন্দের সফর পুরোটাই মাটি হতে পারে।

Advertisement

ছবি: সংগৃহীত

প্রথম ভুলটি হল আবহাওয়াকে অগ্রাহ্য করে সফরে বেরোনো। অনেকেই ভাবেন থাইল্যান্ড মানেই বারো মাস ঝলমলে রোদ। কিন্তু এখানকার বর্ষা মারাত্মক। না বুঝে ভরা বর্ষায় টিকিট কাটলে ঘরের কোণেই কাটবে ছুটি। থাইল্যান্ড যাওয়ার সেরা সময় নভেম্বর থেকে ফেব্রুয়ারি। এই সময়ে আবহাওয়া থাকে মনোরম ও শুষ্ক।

ছবি: সংগৃহীত

দ্বিতীয়ত, থাই সংস্কৃতির মূল স্তম্ভ এখানকার মন্দির বা ‘ওয়াট’। ওয়াট অরুণ বা ওয়াট ফো-র মতো পবিত্র স্থানে পোশাকের ব্যাপারে কড়া নিয়ম রয়েছে। খোলামেলা পোশাকে সেখানে প্রবেশ করা নিষিদ্ধ। বুদ্ধমূর্তির দিকে পা ছড়িয়ে বসা বা সন্ন্যাসীদের স্পর্শ করা চরম অসম্মানজনক। তাই পোশাক ও আচরণে সংযম রাখা একান্ত কাম্য। শুধু মহিলা নয়, পুরুষদেরকেও এই নিয়ম মেনে চলতে হবে।

লোকাল ট্রান্সপোর্ট ব্যবহারের ক্ষেত্রেও সচেতন থাকুন। যত্রতত্র ট্যাক্সি চালকদের ‘স্পেশাল ট্যুর’-এর ফাঁদে পা দেবেন না। সব সময় মিটারে চলুন, অথবা ‘গ্র্যাব’-এর মতো বিশ্বস্ত অ্যাপ ব্যবহার করুন। একইভাবে বড় ভুল হয় বিমানবন্দরের কাউন্টার থেকে সব টাকা এক্সচেঞ্জ করলে। শহরের অনুমোদিত কেন্দ্র থেকে টাকা বদলালে অনেক ভালো রেট পাওয়া যায়।

ছবি: সংগৃহীত

বাঙালি পর্যটকদের আরও এক সহজাত প্রবৃত্তি হল, অল্প দিনে সব দেখে ফেলার হিড়িক। ব্যাংকক, ফুকেট, ক্রাবি, পাটায়া—সব একসঙ্গে ছুঁয়ে যাওয়ার চেষ্টায় ক্লান্তি বাড়ে, আনন্দ কমে। কম জায়গায় যান, মন ভরে উপভোগ করুন। পাশাপাশি খেয়াল রাখুন সে দেশের আইনের দিকেও। রাজপরিবার নিয়ে কোনও মন্তব্য করা বা যত্রতত্র ধূমপান ও ভ্যাপিং আইনি বিপাকে ফেলতে পারে।

শহরের ভাসমান বাজার, স্ট্রিট ফুডের স্বাদ আর সমুদ্রের নীল জলকে ছুঁয়ে দেখার অভিজ্ঞতা এক নিমেষে ভুলিয়ে দেবে সব ক্লান্তি। অল্প কিছু সতর্কতা মেনেই তৈরি হোক আপনার প্রথম থাইল্যান্ডের ডায়েরি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement