ছাব্বিশের নির্বাচনে মুর্শিদাবাদ জেলায় পরিকল্পিত ও মদতপুষ্ট রাজনৈতিক হিংসা রুখতে ব্যর্থ প্রশাসন, এই অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর। এই সব হিংসার ঘটনার বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ করার আর্জি জানান তিনি। দলের কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা-সহ শান্তিশৃঙ্খলা বজায় রাখার আবেদন করেন হুমায়ুন। কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে এই মামলা দায়ের করা হয়েছে। চলতি সপ্তাহে মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে।
২৩ এপ্রিল রাজ্যের প্রথম দফার নির্বাচনের দিন দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন হুমায়ুন কবীর। তাঁর গাড়ি ভাঙচুর করা হয়। এমনকী আমজনতা উন্নয়ন পার্টির কর্মীদেরও হেনস্তা করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ হুমায়ুনের। এছাড়াও নির্বাচন-পর্বে মুর্শিদাবাদে তাঁর দলের একাধিক কর্মী আক্রান্ত হন। তাঁদের বাড়িতে ঢুকে মারধর-সহ ভাঙচুর করা হয় বলে অভিযোগ। হুমায়ুন জানান, এই হিংসার ঘটনা সংবিধানের ১৪, ১৯ ও ২১ অনুচ্ছেদের বিরোধী ৷ পরিকল্পিতভাবে এই হিংসার ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ তাঁর। এই সব ঘটনায় পদক্ষেপের আর্জি জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হলেন আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান। তাঁর এই আর্জি শুনবে হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ।
আদালতের কাছে নিরপেক্ষ তদন্ত এবং দলের কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করার আবেদন করেছেন হুমায়ুন। সর্বপরি এলাকায় যাতে শান্তিশৃঙ্খলা বজায় থাকে, সেই মর্মে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে ৷ হুমায়ুন জানান, প্রশাসনিক ব্যর্থতার কারণেই তিনি আদালতের দ্বারস্থ হয়েছে। অবিলম্বে এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পদক্ষেপ করার জন্য হাই কোর্টে আবেদন তাঁর ৷ হিংসার ঘটনায় নিরপেক্ষ তদন্তেরও আর্জি জানান তিনি।
উল্লেখ্য, মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণ নিয়ে বিতর্কের জেরে নির্বাচনের আগে তৃণমূল থেকে বহিষ্কার হয়েছিলেন হুমায়ুন। এরপর নতুন দল আমজনতা উন্নয়ন পার্টি তৈরি করেন তিনি। ছাব্বিশের নির্বাচনে হুমায়ুন নিজে মুর্শিদাবাদের রেজিনগর ও নওদা কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ৪ মে গণনার পর দেখা যায়, দুটি কেন্দ্রেই তিনি জয়লাভ করেছেন। তবে রাজ্যের অন্য কোনও কেন্দ্রে আমজনতা উন্নয়ন পার্টির কোনও প্রার্থীই জিততে পারেননি। এবার হিংসার অভিযোগ জানিয়ে আদালতের দ্বারস্থ হলেন হুমায়ুন।
