shono
Advertisement

Breaking News

Donald Trump

ভারতের উপর ৫০০% শুল্ক ট্রাম্পের! রুশ তেলের বিরুদ্ধে আমেরিকায় আইন পাশের প্রক্রিয়া শুরু

বিলের নেপথ্যে থাকা এই চার সেনেটরের মধ্যে অন্য়তম লিন্ডসে গ্রাহাম। গতবছর তিনি সরাসরি হুমকি দিয়েছিলেন ভারতকে। এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, 'ভারত এবং চিন-পুতিনের যুদ্ধের মেশিনে আপনারা যদি ইন্ধন যোগাতে থাকেন তাহলে নিজেদের ছাড়া আর কাউকে দুষতে পারবেন না।'
Published By: Anwesha AdhikaryPosted: 12:56 PM Jul 11, 2026Updated: 01:46 PM Jul 11, 2026

এবার 'বন্ধু' ভারতের উপর ৫০০ শতাংশ শুল্ক চাপাবেন ডোনাল্ড ট্রাম্প! অনেকটা সেদিকেই এগোচ্ছে মার্কিন প্রশাসন। জানা গিয়েছে, চারজন মার্কিন সেনেটর নতুন এক আইন পাশের প্রক্রিয়া শুরু করেছেন। এই আইনের মর্মার্থ, যেসমস্ত দেশ রাশিয়া থেকে এখনও শক্তিসম্পদ আমদানি করছে তাদের উপর বিপুল অঙ্কের শুল্ক চাপানো। অন্তত ৫০০ শতাংশ শুল্ক চাপানোর প্রস্তাব রাখা হয়েছে বিলের প্রাথমিক খসড়ায়। ভারত দীর্ঘদিন ধরেই রুশ তেলের বড় ক্রেতা। ফলে নতুন আইন পাশ হলে ভারতের মাথাব্যথা বাড়ার যথেষ্ট কারণ রয়েছে।

Advertisement

রিপাবলিক এবং ডেমোক্র্যাট-দুই দল থেকেই দু'জন করে সেনেটর এই বিল প্রস্তাব করেছেন। ট্রাম্পের প্রশাসনের সম্মতিতে এবার বিল পেশ হবে। স্যাঙ্কশনিং রাশিয়া অ্যাক্ট ২০২৫-এ বলা হয়েছে, রাশিয়া থেকে যেসব দেশ তেল, গ্যাস, ইউরেনিয়াম, পেট্রোপণ্য কেনে তাদের উপর শুল্ক চাপাতে হবে। সেই শুল্কের পরিমাণ ৫০০ শতাংশ পর্যন্ত হতে পারে। তবে মার্কিন জাতীয় সুরক্ষার স্বার্থে রুশ পণ্য কেনার নিষেধাজ্ঞায় সর্বোচ্চ ১৮০ দিনের ছাড় দিতে পারেন আমেরিকার প্রেসিডেন্ট, এমনটাই বলা হয়েছে বিলে।

উল্লেখ্য, বিলের নেপথ্যে থাকা এই চার সেনেটরের মধ্যে অন্য়তম লিন্ডসে গ্রাহাম। গতবছর তিনি সরাসরি হুমকি দিয়েছিলেন ভারতকে। এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, 'ভারত এবং চিন-পুতিনের যুদ্ধের মেশিনে আপনারা যদি ইন্ধন যোগাতে থাকেন তাহলে নিজেদের ছাড়া আর কাউকে দুষতে পারবেন না।' এবার তাঁর পেশ করা বিলেই বিপাকে পড়তে পারে ভারত। ২০২২ থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর পশ্চিমের একাধিক দেশ রুশ তেল আমদানি বন্ধ করে দেয়। যদিও জার্মানির মতো বহু দেশেই রুশ গ্যাস আমদানি এখনও অব্যাহত। সেসময়ে কমদামে রুশ তেল কেনা শুরু করে ভারত। হুহু করে রুশ তেল আমদানির পরিমাণ বাড়তে থাকে। প্রথম থেকেই এই বিষয়টি ভালোভাবে নেয়নি আমেরিকা। কিন্তু নয়াদিল্লির স্পষ্ট অবস্থান ছিল, জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে যেখান থেকে তেল আমদানি লাভজনক, সেখান থেকেই তেল কেনা হবে।

গতবছর আগস্ট মাসে ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক চাপান ট্রাম্প, রুশ তেল কেনার ‘অপরাধে’। তারপর স্পষ্ট জানান, তেল বিক্রির অর্থ দিয়ে ইউক্রেনে হত্যালীলা চালাচ্ছে রাশিয়া। সেকারণেই রুশ তেল আমদানিকারী দেশগুলিকে ‘শাস্তি’ দেওয়া হবে। ভারতকে ‘নির্দেশ’ দেন ট্রাম্প, রুশ তেল কেনা বন্ধ করতে হবে। কিন্তু ফেব্রুয়ারি থেকে শুরু হয় ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধ। তেলের বাজার একেবারে বিপর্যস্ত হয়ে পড়ে। সেসময়ে ভারতকে রুশ তেল কেনার ‘অনুমতি’ও দেয় আমেরিকা। সেই 'অনুমতি'র মেয়াদ আপাতত ফুরিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement