সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের রাজধানী কাবুল। সূত্রের খবর, একটি ন্যাটো কনভয়কে লক্ষ্য করে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। ওই হামলায় মৃত্যু হয়েছে অন্তত ৮ জনের। আহত প্রায় ২৫ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আফগান সরকারের মুখপাত্র নাজিব দানিস এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বুধবার সকালে একটি ন্যাটো কনভয়ে হামলা চালায় জঙ্গিরা। ওই হমলায় মৃত ৮ জন সাধারণ নাগরিক। বিস্ফোরণে আন্তর্জাতিক সৈন্যদলের কোনও সৈনিকের মৃত্যু হয়নি। যদিও ওই বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি সামরিক গাড়ি। আহত হয়েছেন দুই মার্কিন সেনা। এখনও পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন। তবে তালিবান জঙ্গিরাই ওই বিস্ফোরণ ঘটিয়েছে বলে মনে করা হচ্ছে।
[‘উত্তরপ্রদেশের জয় ভুলে এবার সীমান্তরক্ষায় মন দিন মোদি’]
উল্লেখ্য, চরম যুদ্ধের কয়েকদিন আগেই যুদ্ধের ডাক দিয়েছিল তালিবান জঙ্গিগোষ্ঠী৷ ‘স্প্রিং অফেনসিভ’ (বসন্তের যুদ্ধ) ঘোষণা করেছিল জঙ্গিগোষ্ঠীটি৷ এই যুদ্ধে আফগান সেনা ও ন্যাটো সৈন্যদের উপর ভয়ানক হামলা চালানো হবে বলে ঘোষণা করেছে তালিবান৷ ওই অভিযানের নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন মনসৌরি’৷ ২০১৬ সালে মার্কিন ড্রোন হানায় মৃত তালিবান জঙ্গি নেতা মনসৌরির নাম এই অভিযানের নামকরণ হয়েছে বলে জানিয়েছিল তালিবান৷
এক বিবৃতিতে তালিবান জানিয়েছিল, এই অপারেশনের মূল উদ্দেশ্য হচ্ছে আফগানিস্তানে থাকা ন্যাটো ও বিদেশি সৈন্যদের উপর হামলা চালানো৷ তাদের সামরিক ও কৌশলগত ভাবে বিপর্যস্ত করা৷ এবং এর জন্য গেরিলা যুদ্ধও চালানো হবে৷ শেষ বিদেশি সৈন্য থাকা পর্যন্ত এই যুদ্ধ চলবে বলে হুঙ্কার দিয়েছে তালিবান৷ আত্মঘাতী হামলা চালিয়ে শত্রুদের গুঁড়িয়ে দেওয়া হবে বলেও হুমকি দিয়েছে তারা৷ আফগান সেনা ও পুলিশের মধ্যে লুকিয়ে থাকা তালিবান জঙ্গিরা প্রয়োজনে এমন হামলা চালাবে বলেও জানিয়েছে ওই জঙ্গিগোষ্ঠী৷ উল্লেখ্য, ২০০১ সালে আফগানিস্তানে মার্কিন হামলার পর থেকেই আফগান নিরাপত্তারক্ষীদের মধ্যে অনেকেই তালিবানকে গোপনে সমর্থন জানিয়েছে৷ সেনাঘাঁটি ও পুলিশের উপর আত্মঘাতী হামলা চালানোর পিছনেও রয়েছে ওই সমর্থকরা৷
[খাইয়েছিলেন অমিত শাহকে, এবার তৃণমূলে যোগ মাহালি দম্পতির]
The post কাবুলে ন্যাটো কনভয়ে ফিদায়েঁ হামলা, মৃত অন্তত ৮ appeared first on Sangbad Pratidin.
