shono
Advertisement
Indian USA

তুমি মুসলিম? প্রশ্ন করেই ভারতীয়কে এলোপাথাড়ি ছুরির কোপ আমেরিকায়

এত কাণ্ড ঘটিয়েও নির্বিকার আততায়ী। তদন্তকারীদের সামনে তিনি সাফ জানিয়েছেন, মুসলিম পরিচয় জেনেই আক্রমণ করেছিলেন। কারণ মুসলিমদের হত্যা করাই তাঁর উদ্দেশ্য়!
Published By: Anwesha AdhikaryPosted: 08:53 PM Jul 15, 2026Updated: 08:53 PM Jul 15, 2026

প্রথমে ধর্ম জানতে চেয়ে উড়ে এল প্রশ্ন। উত্তরে 'মুসলিম' শোনামাত্র পরপর ছুরির কোপ! মার্কিন মুলুকে ভয়ংকর আক্রমণের শিকার হলেন এক ভারতীয়। একটি শপিং মলের সামনে প্রকাশ্যে হামলা চালানো হয়েছে ওই ব্যক্তির উপর। অন্তত ১৫ বার ছুরির কোপ মারা হয়। গোটা ঘটনায় প্রশ্ন উঠছে মার্কিন মুলুকের নিরাপত্তা নিয়ে।

Advertisement

ঘটনার সূত্রপাত উটাহর একটি শপিং মলে। ওয়েস্ট ভ্যালি সিটিতে অবস্থিত ভ্যালি ফেয়ার মলে গিয়েছিলেন পিটার মাইকেল লারসেন নামে এক ব্যক্তি। ৪৮ বছর বয়সি পিটার কথা বলতে শুরু করেন সোহেল নামে ওই শপিং মলের এক কর্মীর সঙ্গে। প্রথমে জিজ্ঞাসা করেন, "তোমার বাড়ি কোথায়?" সোহেল নিজের নাম বলেন, উল্লেখ করেন ভারতীয় পরিচয়ও। তারপরই পিটারের প্রশ্ন, "তুমি কি মুসলিম?" উত্তরে হ্যাঁ বলামাত্র ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়েন পিটার। ফালাফালা করে দেন সোহেলকে।

চোখের সামনে এমন নৃশংস আক্রমণ দেখে হতবাক হয়ে যান স্থানীয়রা। তবে তাঁরা নিজেরাই সোহেলকে বাঁচাতে এগিয়ে আসেন। কোনও মতে পিটারের আক্রমণ থেকে সরিয়ে আনা হয় সোহেলকে। নুনেজ নামে ওই মলের এক কর্মী জানান, সোহেলকে অন্তত ১৫ বার ছুরির কোপ মারা হয়েছে। তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। একাধিক অস্ত্রোপচার হলেও সোহেলের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার কথা মনে করতে গেলেই শিউরে উঠছেন নুনেজ। সাফ বলছেন, "ও এমনভাবে সোহেলকে মারছিল মনে হচ্ছিল একেবারে খুন করে ফেলবে।"

এত কাণ্ড ঘটিয়েও নির্বিকার পিটার। তদন্তকারীদের সামনে তিনি সাফ জানিয়েছেন, মুসলিম পরিচয় জেনেই সোহেলকে আক্রমণ করেছিলেন। কারণ মুসলিমদের হত্যা করাই তাঁর উদ্দেশ্য়! আপাতত পুলিশি হেফাজতে রাখা হয়েছে পিটারকে। কিন্তু প্রকাশ্যে এমন ঘটনায় বিরাট প্রশ্ন উঠছে মার্কিন মুলুকের নিরাপত্তা নিয়ে? ডোনাল্ড ট্রাম্প জমানায় বারবার আমেরিকায় আক্রান্ত হয়েছেন ভারতীয়রা। একাধি ভারতীয় ছাত্রের মৃত্যুও হয়েছে। এবার প্রকাশ্যে ধর্মীয় পরিচয়ের কারণে প্রাণঘাতী হামলা ভারতীয় ব্যক্তির উপর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement