shono
Advertisement

Breaking News

Donald Trump

শুল্ক নীতিতে সন্তুষ্ট নয়! ট্রাম্পের মুখোমুখি ফেডেরারকে আসরে নামাচ্ছে সুইস সরকার?

ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোরও থাকার কথা সেই দলে।
Published By: Prasenjit DuttaPosted: 04:02 PM Aug 15, 2025Updated: 04:27 PM Aug 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে এখন আলোচনা সর্বত্র। এই শুল্ক নীতি নিয়ে অধিকাংশ দেশই সন্তুষ্ট নয়। সুইস পণ্যের উপর ৩৯ শতাংশ শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। এই পরিস্থিতিতে একটি প্রতিনিধি দল গঠন করার সিদ্ধান্ত নিয়েছে সেই দেশের সরকার। জানা গিয়েছে, সেই দলে থাকতে পারেন টেনিস কিংবদন্তি রজার ফেডেরার। এখানেই শেষ নয়, ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোরও থাকার কথা সেই দলে।

Advertisement

আসলে দেশটি জরুরি ভিত্তিতে সমাধানের উপায় খুঁজছে। কোনওভাবেই ট্রাম্পকে রাগাতে চাইছে না তারা। সেই কারণে আলোচনার মাধ্যমে সমাধানের রাস্তা খুঁজছে দেশটি। তাই ফেডেরার এবং ইনফান্তিনোকে আহ্বান জানিয়েছে সুইৎজারল্যান্ড সরকার। গোটা বিশ্বে তাঁদের ব্র্যান্ড ভ্যালুর কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নিতে চলেছে তারা।

উল্লেখ্য, ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ইনফান্তিনোর সঙ্গে বহুবার বৈঠক হয়েছে ট্রাম্পের। ওয়াকিবহাল মহলের ধারণা, যেহেতু তাঁদের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক ভালো, সেই কারণে তাঁদের কথা শুনতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু এর পরেও প্রশ্ন হল, ট্রাম্প কি তাঁদের কথা শুনবেন? নাকি সুইৎজারল্যান্ড আরও বড় বিলের মুখোমুখি হবে?

সুইস প্রেসিডেন্ট কারিন কেলার-সাটার বলেছেন, "মার্কিন প্রেসিডেন্টের পরিচিতরা ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতেই পারেন। এতে তো আপত্তির কিছু দেখছি না। এটা কোনও কৌশল নয়। একটা কথা, এই আলোচনায় কিন্তু নেতৃত্ব দেবেন সরকারি আধিকারিকরা। তবে, পরিচিতদের অংশগ্রহণ কতটা ইতিবাচক হবে, সেটা এখনই বলা সম্ভব নয়।" 

আমেরিকার শুল্ক-বোঝায় বেশ খানিকটা ব্যাকফুটে সুইস ব্যবসায়ীরা। এই পরিস্থিতিতে সুইস প্রেসিডেন্ট বলছেন, "যে কোনও শুল্ক মেনে নেওয়া সম্ভব নয়। এর সমাধান সূত্র খোঁজার চেষ্টা চলছে। চেষ্টা করা হবে শুল্ক কমানোর।" তবে এর মাঝেও বিশেষজ্ঞ মহল মনে করেছে, খেলাধুলার প্রতি বিশেষ ভালোবাসা রয়েছে ট্রাম্পের। সেই কারণে দুই ক্রীড়া ব্যক্তিত্বের কথা শুনতে পারেন মার্কিন প্রেসিডেন্ট।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সুইস পণ্যের উপর ৩৯ শতাংশ শুল্ক চাপিয়েছেন ট্রাম্প।
  • এই পরিস্থিতিতে একটি প্রতিনিধি দল গঠন করার সিদ্ধান্ত নিয়েছে সেই দেশের সরকার।
  • জানা গিয়েছে, সেই দলে থাকতে পারেন টেনিস কিংবদন্তি রজার ফেডেরার।
Advertisement