২৬তম এসসিও সম্মেলন (সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন) বসেছে কিরঘিস্তানের বিশকেকে। সম্মেলনের মাঝেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই ‘বন্ধু’কে কোলাকুলি এবং করমর্দনও করতে দেখা যায়। কিন্তু পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে কার্যত পাত্তাই দিলেন না রুশ প্রেসিডেন্ট!
মঙ্গলবারের ওই মুহূর্তের একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, ‘গ্রুপ ফটো’ তোলার জন্য এসসিও সদস্যভুক্ত দেশের নেতারা একটি পোডিয়ামে দাঁড়িয়ে রয়েছেন। পাশাপাশি দেখা যায় পুতিন এবং শাহবাজকে। কিন্তু ছবি তোলার পর পাক প্রধানমন্ত্রীকে উপেক্ষা করেই পোডিয়াম থেকে নেমে সামনের দিকে এগিয়ে যান পুতিন। তৎক্ষণাৎ শাহবাজও তাঁর পিছন পিছন যান। রুশ প্রেসিডেন্টের হাত ধরে থামান এবং কথাবার্তা শুরু করেন। ভিডিওটি ভাইরাল হতেই নেটিজেনরা বিভিন্ন রকম প্রতিক্রিয়া দিয়েছেন।
অন্যদিকে, মোদির সঙ্গে খোশ মেজাজে দেখা যায় রুশ প্রেসিডেন্টকে। সোমবার এসসিও সম্মেলনের মাঝেই দ্বিপাক্ষিক বৈঠক সারেন দুই রাষ্ট্রনেতা। সূত্রের খবর, প্রায় ৩০ মিনিট বৈঠকটি স্থায়ী হয়। বৈঠক শুরুর আগে দুই ‘বন্ধু’ করমর্দন এবং কোলাকুলি করেন। সেখানেই পুতিনকে ইউক্রেন যুদ্ধ থামানোর আর্জি জানান মোদি। তিনি বলেন, “যুদ্ধের প্রতিটি দিন মানবতাকে পিছিয়ে নিয়ে যায়। তাই অন্তহীন যুদ্ধ থেকে যুদ্ধের অবসানের দিকে এগিয়ে যেতে হবে। জাতীয় স্বার্থের কথা মাথা রেখে উভয় দেশকেই সামনের দিকে এগোতে হবে।” ভারত যে সর্বদা শান্তির পক্ষে, তা-ও স্পষ্ট করে দিয়েছেন প্রধানমন্ত্রী।
