হাইওয়ে দিয়ে ছুটছে ট্যাক্সি। মাঝ রাস্তায় হঠাৎ গাড়ির দরজা খুলে লাফ যুবতীর। শিউরে ওঠার মতো এমনই এক ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। জানা যাচ্ছে, এই ঘটনা মালয়েশিয়ার। যুবতীর অভিযোগ, চলন্ত গাড়িতে তাঁকে দেখে অশ্লীল অঙ্গভঙ্গি করেন চালক। যার জেরেই আতঙ্কে গাড়ি থেকে লাফ দেন তিনি।
জানা যাচ্ছে, গত ১ মে এই ঘটনা ঘটে মালয়েশিয়ার এক ব্যস্ত রাস্তায়। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, চলন্ত গাড়ির দরজা খুলে হঠাৎ লাফ দিয়েছেন এক যুবতী। এই ঘটনায় যুবতীর ফোন, জুতো-সহ অন্যান্য জিনিসপত্র গোটা রাস্তায় ছড়িয়ে পড়ে। এই অবস্থায় রাস্তার অন্যান্য গাড়িগুলি সজোরে ব্রেক কষে। যুবতীরর দাবি অনুযায়ী, ওই চালক গাড়ির 'রেয়ার ভিউ মিরর' থেকে বারবার তাঁর দিকে তাকাচ্ছিলেন এবং অশ্লীল অঙ্গভঙ্গি করছিলেন। যার জেরেই আতঙ্কে গাড়ি থেকে লাফ দেন তিনি।
যুবতীর অভিযোগ, চলন্ত গাড়িতে তাঁকে দেখে অশ্লীল অঙ্গভঙ্গি করেন চালক। যার জেরেই আতঙ্কে গাড়ি থেকে লাফ দেন তিনি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম 'দ্য সান' এর ভিডিওতে আরও দেখা যাচ্ছে, গাড়ি থেকে রাস্তায় লাফিয়ে পড়ার পর কোনওমতে নিজেকে সামলে নিয়ে খালি পায়ে গাড়ির দিকে দৌড়চ্ছেন যুবতী। এক ব্যক্তি স্কুটার থামিয়ে তাঁর সাহায্যে এগিয়ে আসেন। ভিডিওতে দেখা যাচ্ছে, আতঙ্কিত অবস্থায় তাঁকে কিছু বলছেন ওই যুবতী। যে গাড়িতে ওই যুবতী ছিলেন তিনিও গাড়ি থামান। এই ঘটনায় সামান্য আহত হয়েছেন ওই যুবতী। তাঁকে উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
মালয়েশিয়ার উত্তর ক্লাং জেলা পুলিশ প্রধান বিজয়া রাও বলেন, ঘটনার পর গাড়ির চালক ওই ট্রিপ ক্যানসেল করে থানায় গোটা ঘটনার রিপোর্ট করেন। তদন্তের জন্য ওই যুবতীর খোঁজ শুরু করেছে পুলিশ। প্রশাসনের দাবি, যুবতীর কাছ থেকে গোটা ঘটনা শোনার পর এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। যদি ওই চালক কোনও অপরাধ করে থাকেন তবে দেশের আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।
