আড়াই মাস আগের দুর্ঘটনার পুনরাবৃত্তি পদ্মায়। ফের যাত্রীবাহী বাস পড়ে গেল নদীতে। তবে বাসে কোনও যাত্রী না থাকায় রক্ষা। আহত অবস্থায় চালক ও তাঁর সহকারীকে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল রাজবাড়ি জেলার গোয়ালন্দ সংলগ্ন দৌলতদিয়া ফেরিঘাটে। শুক্রবার সকাল সাড়ে ৯টা নাগাদ ওই দুর্ঘটনা ঘটে।
ফেরিঘাটের ৭ নম্বর পন্টুনে বাসটি নদীতে পড়ে গিয়েছিল। জানা যাচ্ছে, বাসটিতে শুধু চালক ও সহকারী ছিলেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। রাজবাড়ির জেলাশাসক আফরোজা পারভিন জানিয়েছেন, বাসটি যে ফেরিঘাটে ওঠার কথা, তার পরিবর্তনে অন্য ঘাটে উঠতে গিয়েই দুর্ঘটনা ঘটে যায়। পরে বেলা ১১টা ৫৫ মিনিটে বাসটি উদ্ধার করা হয় অনেক চেষ্টার পর।
গত ২৫ মার্চ দৌলতদিয়া ফেরিঘাটে কুষ্টিয়ার কুমারখালি থেকে ঢাকাগামী যাত্রীবাহী ‘সৌহার্দ্য পরিবহনে’র একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এই ঘটনায় ২৬ জনের দেহ উদ্ধার করা হয়েছিল। এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল এমন ভয়াবহ দুর্ঘটনায়। তবে এদিনের দুর্ঘটনায় কোনও প্রাণহানি না হওয়ায় সকলে স্বস্তির নিশ্বাস ফেলেছেন।
জানা গিয়েছে, আগের দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে দ্রুত কড়া নির্দেশিকা জারি করে কর্তৃপক্ষ। সেই নির্দেশ অনুযায়ী, এখন ফেরিতে ওঠার আগে বাসের সব যাত্রীকে নামিয়ে দেওয়া হয়। এদিনও তাই হয়। আর সেই কারণেই বাসটি যখন নদীতে পড়ে যায়, তখন সেটি সম্পূর্ণ খালি ছিল। অন্যদিকে চালক ও হেল্পার বিপদ বুঝে লাফিয়ে নেমে পড়েন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাঁদের উদ্ধার করা হয়।
