'চিকেনস নেকে'র নিরাপত্তা নিয়ে কোনও ফাঁক রাখতে রাজি নয় সরকার। কোনওভাবেই উত্তরের সীমান্ত দিয়ে অনুপ্রবেশ নয়। শিলিগুড়িতে এসএসবির সঙ্গে মেগা বৈঠকে কড়া বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দ্রুত যাতে কাঁটাতারের বেড়া সীমান্তে বসে, সেই নির্দেশও দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে অতি সম্প্রতি একাধিক পাক গুপ্তচর ধরা পড়েছে। উত্তরবঙ্গ থেকে পাক চর সন্দেহে একাধিক ব্যক্তি গ্রেপ্তার হয়েছে। পড়শি দেশ নেপালে ভারতে জাল বোনার চক্রান্ত হয়েছিল। গোয়েন্দা সূত্রে সেই তথ্য পাওয়া গিয়েছে। ফলে শিলিগুড়ি করিডোরের নিরাপত্তায় এতটুকু খামতি রাখা হচ্ছে না বলে খবর।
আজ, শনিবার শিলিগুড়িতে চিকেনস নেকের নিরাপত্তা নিয়ে বৈঠক করেন অমিত শাহ। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও এসএসবি, বিএসএফের আধিকারিকদের পাশাপাশি রাজ্য পুলিশ উচ্চপর্যায়ের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। ‘ট্রায়াঙ্গুলার সিকিউরিটি গ্রিড’ নিরাপত্তা নিয়ে বার্তা দেওয়া হয়। অনুপ্রবেশ যাতে কোনওভাবে না হতে পারে, সেই নির্দেশ শাহ দিয়েছেন। সশস্ত্র সীমা বল (এসএসবি) সীমান্তের সুরক্ষায় নজরদারি চালায়। সেই নজরদারি যাতে আরও নিখুঁত চলে, সেই বার্তা দেওয়া হয়েছে।
রাজ্যে পালাবদলের পর সীমান্ত সুরক্ষায় বড় পদক্ষেপ হয়েছে এই রাজ্যে। নতুন রাজ্য সরকার ক্ষমতায় এসে মাত্র ৪৫ দিনের প্রশাসনিক তৎপরতায় বাহিনীর হাতে ১,১২৯ একর জমি হস্তান্তর হয়েছে। আরও ২৯ একর জমির অনুমোদন দ্রুত প্রক্রিয়াধীন রয়েছে। ফলে সীমান্তে কাঁটাতার বসানোর কাজ যাতে দ্রুত শেষ হয়, সেই বার্তা আরও একবার দেওয়া হয়েছে। গতকাল, শুক্রবার শিলিগুড়ির রানিডাঙায় এসএসবির উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। ১৮৯ কোটি টাকা ব্যয়ে একাধিক নবনির্মিত প্রশাসনিক, আবাসন ও প্রযুক্তিগত পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এদিনও ত্রিস্তরীয় নিরাপত্তা নিয়ে বৈঠকে বার্তা দিয়েছেন শাহ।
পাখির চোখ ‘চিকেনস নেক’ অর্থাৎ ‘শিলিগুড়ি করিডরে’র নিশ্ছিদ্র নিরাপত্তা। কোনওভাবেই যেন অনুপ্রবেশ না ঘটে সেজন্য বসবে অত্যাধুনিক ত্রিস্তরীয় ফেন্সিং অর্থাৎ স্মার্ট কাঁটাতারের বেড়া। রাজ্যে ১০টি নতুন বর্ডার আউটপোস্ট তৈরির কথাও ঘোষণা সম্প্রতি ঘোষণা করা হয়েছে। সেগুলির মধ্যে ২টি আউটপোস্ট হবে উত্তরে।
