shono
Advertisement
Tarique Rahman

হাসিনা কাঁটা এড়িয়ে আগামী সপ্তাহেই দিল্লিতে তারেক! ইতিবাচক কূটনৈতিক মহল, কী বলছে ঢাকা?

তারেক রহমানের ভারত সফরে মোদির সঙ্গে বৈঠক হতে পারে। গঙ্গা চুক্তি নবায়ন, তিস্তা নিয়ে আলোচনা-সহ অন্যন্য বিষয়ে দ্বিপাক্ষিক অগ্রগতি সম্ভব।
Published By: Kishore GhoshPosted: 03:29 PM Aug 14, 2026Updated: 03:46 PM Aug 14, 2026

হাসিনা কাঁটায় ভারত-বাংলাদেশ টানাপোড়েন অব্যাহত। এর মধ্যেই আগামী সপ্তাহে ভারতে সফরে আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বিষয়ে উভয় দেশে প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। ঢাকা-দিল্লি কূটনৈতিক সূত্রে এমনটাই খবর। তারেকের ভারত সফরের সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করলেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়েদও। জানা গিয়েছে, তারেক আগামী সপ্তাহের মাঝামাঝি নয়াদিল্লি সফর করবেন। সেক্ষেত্রেই এটিই হবে তাঁর প্রথম ভারত সফর।

Advertisement

মনে করা হচ্ছে, টানাপোড়েন কাটিয়ে সম্পর্ক এগিয়ে নিতে ব্রিকসের মতো বহুপক্ষীয় সম্মেলনে ভারতে যাওয়ার চেয়েও দ্বিপাক্ষিক সফর দুই দেশের জন্য বেশি লাভজনক হতে পারে। সেক্ষেত্রে তারেক রহমান ও নরেন্দ্র মোদি সরাসরি আলোচনায় বসতে পারবেন। একাধিক গুরুত্বপূর্ণ বিষয়, যেমন গঙ্গা চুক্তি নবায়ন, তিস্তা নিয়ে আলোচনা-সহ অন্যন্য বিষয়ে দ্বিপাক্ষিক অগ্রগতি সম্ভব। এছাড়াও দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে বাণিজ্য, পরিকাঠামো সংযোগ (কানেকটিভিটি), জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা ও আঞ্চলিক নিরাপত্তার বিষয়েও কথা হতে পারে। 

বৃহস্পতিবার বিকেলে ঢাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বর্তমানে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত। এর মধ্যেই ভারত-সহ অন্যান্য দেশের সফর করতে পারেন তিনি। যোগ করেন, দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের যে সুযোগ রয়েছে, ভারতেরও উচিত হবে তার ‘সদ্ব্যবহার করা।’ শামা বলেন, রাষ্ট্রপ্রধানরা যখন কথা বলেন, তখন অনেক সমস্যা সমাধানের সুযোগ তৈরি হয়।

শেখ হাসিনা প্রসঙ্গ টেনে শামা বলেন, একজন সাজাপ্রাপ্ত আসামি যখন ভারতের মাটিতে বসে কথা বলে, সেটা বাংলাদেশের জনগণ ভালোভাবে নেয় না। জুলাইয়ের কথা এখনও মানুষের মনে জাগ্রত আছে, রক্তের দাগ এখনও শুকায়নি। সুতরাং সেই জায়গা থেকে অবশ্যই আমাদের সংবেদনশীল হতে হবে। ভারত যেন এটা মনে রাখে, সেটাই আমরা আশা করি।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর চূড়ান্ত হয়েছে কি না— এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, ‘সম্ভাবনা তো সবসময় আছে। কিন্তু এখন দেশে আপনারা দেখতে পাচ্ছেন রাষ্ট্রপতি নির্বাচন। সামনে আবার পার্লামেন্ট সেশন বসবে। বাংলাদেশের অভ্যন্তরীণ অনেক কর্মসূচি রয়েছে। সরকার ব্যস্ত আছে, প্রধানমন্ত্রী ব্যস্ত আছেন। এর মধ্যেই সবকিছু ঠিক থাকলে অবশ্যই ভারত সফর হবে, জাপান সফর হবে।’ ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার গুরুত্বের স্মরণ করান শামা। তিনি বলেন, সকল দেশ সফরের ক্ষেত্রেই সরকার পজিটিভ আছে। হাসিনার প্রত্যর্পণ ইস্যুতেও দু'পক্ষের মধ্যে বোঝাপড়া তৈরির সুযোগ থাকবে এই সফরে।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর বিএনপি সরকার গঠন করলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সফরের আমন্ত্রণ জানায় ভারত, চিন, মালয়েশিয়া, জাপান-সহ বেশ কয়েকটি 'বন্ধু' দেশ। ইতিমধ্যে মালয়েশিয়া ও চিন সফর করেছেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement