বিশ্বকাপে বুঁদ বিশ্ব। এর মধ্যে উপমহাদেশের ছবিটা অদ্ভুত। এই অঞ্চলের কোনও দেশ না খেললেও বিশ্বকাপ-পাগলামি এখানেও কম নেই। প্রতিবেশী দেশ বাংলাদেশে সেই উন্মাদনা প্রতিবারই নতুন নতুন মাত্রা পায়। এমনকী, খুনোখুনিও ঘটতে থাকে। কিন্তু এবার দেখা যাচ্ছে আরেক দৃশ্যও। রাজধানী ঢাকা-সহ দেশের প্রায় সর্বত্রই দেখা যাচ্ছে সাদা-কালো কালেমা পতাকা। যে পতাকার সঙ্গে মিল রয়েছে আইএস, আল কায়দার মতো জঙ্গি দলের পতাকার। এই ধরনের পতাকা নিয়ে বাইক মিছিল হচ্ছে! আবার রাস্তার ধারে সারি সারি এই ধরনের পতাকাও দেখা যাচ্ছে। প্রশ্ন উঠছে, কীভাবে প্রকাশ্যে এভাবে জঙ্গি দলের পতাকা নিয়ে মিছিল হতে পারে?
প্রথমবার এমন পতাকা দেখা গিয়েছিল ১৭ জুন, ঢাকায়। সাদার উপরে কালো রঙের আরবি হরফে লেখা পতাকা ঘিরে চর্চা শুরু হয় নেটদুনিয়ায়। এরপর একে একে মিরপুর, চট্টগ্রাম, ফরিদপুর, পাবনা- সর্বত্র দৃশ্যমান হতে থাকে ওই পতাকা। কিন্তু কেন বিশ্বকাপের মাঝে এমন পতাকা নিয়ে মিছিল হচ্ছে? জানা গিয়েছে, 'আল কোরানের দারস' নামের ফেসবুক পেজে এক ব্যক্তি দাবি করেন, 'এটা যদি সন্ত্রাসবাদ হয়ে থাকে, তা হলে ব্রাজিল-আর্জেন্টিনার পতাকাও নামাতে হবে।' কয়েকটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে পতাকা বিক্রি এবং প্রচার করার কথাও জানা গিয়েছে।
মোটামুটি দু'ধরনের পতাকা দেখা যাচ্ছে। যার একটি ধরন মেলে তালিবানদের সঙ্গে। অন্য ধরনের পতাকায় আইএস, আল কায়দার ধাঁচ। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের প্রবণতা বিপজ্জনক। এতে গোটা বিশ্বের কাছে খারাপ ধারণা তৈরি হবে বাংলাদেশ নিয়ে। ওয়াকিবহাল মহলের মতে, বাংলাদেশ গোয়েন্দা বিভাগের উচিত এই নিয়ে বিস্তারিত তদন্ত করা। কিন্তু শেষখবর পাওয়া পর্যন্ত তেমন কোনও পদক্ষেপের কথা জানা যায়নি।
