shono
Advertisement

বাংলাদেশে ফের অগ্নিকাণ্ড, পুড়ে ছাই অন্তত ৮০টি বাড়ি

আশ্রয় হারিয়ে বিপাকে অনেকেই।
Posted: 02:25 PM Oct 14, 2022Updated: 02:25 PM Oct 14, 2022

সুকুমার সরকার, ঢাকা: ফের অগ্নিকাণ্ড বাংলাদেশে। পুড়ে ছাই অন্তত ৮০টি বাড়ি। এই ভয়াবহ দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও কয়েক কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। আশ্রয় হারিয়ে বিপাকে পড়েছেন কয়েকশো মানুষ।

Advertisement

দমকল সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে গাজীপুরের শ্রীপুরের মাওনা ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে অগ্নিকাণ্ড ঘটে। খবর দেওয়া হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার ব্রিগেড। জানা গিয়েছে, মাওনা উত্তরপাড়া গ্রামের মেঘনা সাইকেল কারখানা ও ডেকু গার্মেন্টসের পাশের আবদুল হক খানের বাড়ির বেশির ভাগ বাড়িই ছিল আধা কাঁচা। কিছু বাড়ি ছিল টিনের তৈরি। এতে হতাহতের ঘটনা ঘটেনি। নুরুল হক বাড়িগুলি বিভিন্ন কারখানার শ্রমিকদের কাছে ভাড়া দিয়েছিলেন।

[আরও পড়ুন: চট্টগ্রামের কর্ণফুলি নদীতে জাহাজডুবি, ভেসে উঠল ক্যাপটেন-সহ পাঁচজনের মৃতদেহ]

স্থানীয়রা জানিয়েছেন, প্রথমে প্রায় ১৬টি কামরার একটি বাড়িতে আগুন লাগে। সেখান থেকে দ্রুত তা পাশের আরও তিনটি বাড়িতে ছড়িয়ে পড়ে। চারিদিক ধোঁয়ায় ঢেকে যায়। তবে সময় থাকতে সবাই নিরাপদ জায়গায় পৌঁছতে পেরেছিলেন বলে প্রাণহানির ঘটনা ঘটেনি। স্থানীয়রআা আগুন নিয়ন্ত্রণের আনার চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বাড়িগুলোর আসবাব-সহ অন্য সবকিছু পুড়ে যায়।

উল্লেখ্য, গত জুন মাসে বাংলাদেশের (Bangladesh) সীতাকুণ্ডে একটি ডিপোয় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। রাতভর আগুন আর পরপর বিস্ফোরণের জেরে পুড়ে মৃত্যু হয় ৩৭ জনের। ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে সংলগ্ন সীতাকুণ্ডের শীতলপুর এলাকায় রয়েছে কন্টেনার ডিপোটি। আমদানি-রপ্তানি করা বিভিন্ন পণ্য এই ডিপোতে রাখা হয়।

প্রসঙ্গত, ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে রাজধানী ঢাকার চকবাজারে। ওই ঘটনায় মৃত্যু হয় ৭০ জন নিরীহ মানুষের। তারপরই তড়িঘড়ি তদন্তের নির্দেশ দেয় প্রশাসন। সেখানে উঠে আসে একাধিক চাঞ্চল্যকর তথ্য। ধরা পড়ে অগ্নি নির্বাপণের ব্যবস্থা থাকা গলদ। অভিযোগ, একের পর এক অগ্নিকাণ্ড ঘটলেও নির্বিকার প্রশাসন। প্রতিবারই তদন্তের আশ্বাস দেওয়া হয়। তবে তাতে তেমন কোনও ফল মেলে না। বিশেষ করে ঘিঞ্জি এলাকাগুলিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা আজও অত্যন্ত শোচনীয়। এবারের ঘটনাও একই প্রশ্নের জন্ম দিচ্ছে।

[আরও পড়ুন: ছড়াচ্ছে জেহাদের বিষ, বাংলাদেশে আত্মপ্রকাশ করল নতুন জঙ্গি সংগঠন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement