সুকুমার সরকার, ঢাকা: রোহিঙ্গা ইস্যুতে এবার মায়ানমারের উপর চাপ বাড়াল ব্রিটেন। বিতাড়িত রোহিঙ্গাদের ফেরত নিতে নাইপিদাওয়ের কাছে আবেদন জানিয়েছে সে দেশ।
[মত দিল না বিশ্বভারতী, শান্তিনিকেতনে হচ্ছে না প্রিয়াঙ্কার ছবির শুটিং]
শুক্রবার ঢাকা সফরে আসেন ইউনাইটেড কিংডমের (ইউকে) বিদেশ ও কমনওয়েলথ বিষয়ক প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড। সেখানে সাংবাদিকদের তিনি জানান, বাংলাদেশে জাতীয় নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হবে বলে প্রত্যাশা করেছে দেশ। একই সঙ্গে রোহিঙ্গাদের পুনর্বাসনের ব্যবস্থা করবে মায়ানমার বলে আশাবাদী ইউকে। তিনি বলেন, “আমরা চাই রোহিঙ্গারা নিরাপদ পরিবেশে স্বেচ্ছায় রাখাইনে ফিরে যাক। সে অনুযায়ী আমরা সবাই কাজ করছি। শরণার্থীদের ফেরাতে ইতিমধ্যেই বেশ কয়েকটি দেশ থেকে মায়ানমারের ওপর চাপ প্রয়োগ করা হয়েছে। সু কি সরকারের সঙ্গে এনিয়ে আলোচনাও করেছি।”
হাসিনা সরকারের উদ্বেগ বাড়িয়ে এদিন ফিল্ড নির্বাচনে বিএনপি-র গুরুত্বের কথা তুলে ধরেন। আগামী জাতীয় নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করলে জটিলতা বাড়তে পারে বলেই মনে করছেন তিনি। একই সঙ্গে বিএনপি নেতাদের সঙ্গে আলোচনার কথাও জানিয়েছেন তিনি। সব মিলিয়ে আপাতত সু কি সরকারের উপর চাপ বাড়ছে তা স্পষ্ট। যদিও শরণার্থীদের ফেরত নেওয়ার বিষয়ে বার্মিজ সেনার মতামতই শেষ কথা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এমনকী এক্ষেত্রে সু কি সরকারও একপ্রকার উপায়হীন।
প্রসঙ্গত, রোহিঙ্গাদের ওপর নির্যাতন শুরু হয় গত বছরের আগস্টে। রাখাইনে নিরাপত্তা বাহিনীর তল্লাশি চৌকিতে হামলার পর রোহিঙ্গাদের ওপর সহিংস আক্রমণ করতে শুরু করে মায়ানমার সেনাবাহিনী। খুন ও নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসে প্রায় ৭ লক্ষ রোহিঙ্গা। এর আগে এসেছে আরও ৪ লক্ষ রোহিঙ্গা। সম্প্রতি অবশ্য রোহিঙ্গা ইস্যুতে সুর কিছুটা হলেও নরম করেছে মায়ানমার।
কূটনৈতিক স্তরে আলোচনার পর প্রায় পাঁচ হাজার রোহিঙ্গা শরণার্থীদের ফেরত নিতে রাজি হয়েছে সু কি সরকার। বাংলাদেশের বান্দরবানের সীমান্ত এলাকায় ‘নো ম্যানস ল্যান্ডে’ রয়েছে ওই শরণার্থীরা। বৃহস্পতিবার বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-র কক্সবাজার আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এসএম রকিবুল্লাহ জানান, শরণার্থীদের ফেরত নেওয়ার আশ্বাস দিয়েছে বার্মিজ সেনা। বৈঠক শেষে সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মায়ানমার সীমান্ত পুলিশের মংডু আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মঈন টুয়ে।
[চাকরি খোঁজার দিন শেষ, এবার চাকরির সন্ধান দেবে ই-পোর্টাল]
The post রোহিঙ্গা ইস্যুতে আরও চাপে মায়ানমার, এবার আসরে ইউকে appeared first on Sangbad Pratidin.
