shono
Advertisement

Breaking News

যানজটখ্যাত ঢাকায় গন্তব্যে পৌঁছতে মোটরবাইকে চাপলেন তুরস্কের রাষ্ট্রদূত

মেট্রোরেল চালু হলেও রাজধানীর সড়কগুলির উপর চাপ সেই অর্থে কমেনি।
Posted: 10:28 AM Jan 07, 2023Updated: 10:28 AM Jan 07, 2023

সুকুমার সরকার, ঢাকা: যানজটের জন্য কুখ্যাত ঢাকায় গন্তব্যে পৌঁছতে মোটরবাইকে চাপলেন তুরস্কের রাষ্ট্রদূত। ট্রাফিক দুর্ভোগের কবলে পড়ে বাধ্য হয়ে মোটরবাইকে চেপে গন্তব্যের উদ্দেশে রওনা দেন তুরস্কের বিদায়ী রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান। অনেকেই বলছেন, মেট্রোরেল চালু হলেও রাজধানীর সড়কগুলির উপর চাপ সেই অর্থে কমেনি।

Advertisement

বাংলাদেশের (Bangladesh) রাজধানী ঢাকার যানজটের বিষয় গোটা বিশ্বের জানা। এমনও দেখা গিয়েছে- এক মাইল পেরতে একঘণ্টা সময়ও ব্যয় হয়েছে। এই যানজট এড়াতে শেখ হাসিনা সরকার প্রণান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু তারপরও কাঙ্খিত ফল মিলছে না। ইতিমধ্যে উত্তরা থেকে মিরপুরের আগারগাঁও অবধি মেট্রোরেল চালু হয়েছে। আগারগাঁও থেকে মতিঝিল অবধি চলতি বছরের শেষার্ধে চালু হবে বলে আশা করা হচ্ছে। এই পথ চালু হলে অনেকটাই যানজট কমবে বলে রাজধানীবাসীর ধারণা।

[আরও পড়ুন: বাংলাদেশে বিমানবন্দর তৈরিতে আগ্রহী ভারত, চিনকে ঠেকাতে কৌশলী দিল্লি?]

এই যানজটের কবলে পড়ে মোটরসাইকেলে করে গন্তব্যে গিয়েছেন তুরস্কের বিদায়ী রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান। বৃহস্পতিবার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে মোটরবাইক যাত্রার ছবি ও ভিডিও প্রকাশ করেছেন তিনি। মোটরসাইকেলটি ছিল অ্যাপভিত্তিক রাইড যানবাহন সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান ‘পাঠাওবিডি’র এক চালকের। রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান পাঠাওবিডির চালকের সঙ্গে ছবি ও ভিডিও প্রকাশ করে লিখেছেন, ‘ঢাকার ট্রাফিক জ্যামের জন্য নিজের বিদায়ী নৈশভোজে যখন ৪৫ মিনিট দেরি হওয়ার ঝুঁকি তৈরি হয় তখন আপনি এটাই করতে পারেন, আপনি পাঠাওবিডির মোটরসাইকেল ডাকবেন, আপনি সময় মতো পৌঁছবেন, সঙ্গে একটা হেলমেটও পাবেন।’

উল্লেখ্য, শেখ হাসিনার শাসনাকালেই ২০১৩ সালে অতি জনবহুল ঢাকা মহানগরীর ক্রমবর্ধমান যানবাহন সমস্যা ও পথের দুঃসহ যানজট কমিয়ে আনার লক্ষ্যে কৌশলগত পরিবহণ পরিকল্পনা করা হয়। যার অধীনে প্রথমবারের মত ঢাকায় মেট্রো রেল স্থাপনের পরিকল্পনা করা হয়। মেট্রোরেলের নিয়ন্ত্রক সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড প্রথম পর্যায়ে নির্মাণের জন্য উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০.১ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন ৬-কে নির্বাচন করা হয়। ২০১৬ সালের ২৬ জুন উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এমআরটি লাইন-৬ এর নির্মাণকাজ শুরু হয়। যানজট থাকে শহরকে মুক্তি দিতে জাইকা ও ডিএমটিসিএল ২০৩০ সাল নাগাদ ১২৮ কিলোমিটার দৈর্ঘ্যের মোট ৬টি মেট্রো লাইন নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।

[আরও পড়ুন: মার্চের শেষেই বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু করবে আদানি গ্রুপ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement