shono
Advertisement
Ranaghat Municipality

রানাঘাট পুরসভাও হাতছাড়া তৃণমূলের, চেয়ারম্যান-সহ পদত্যাগ ১৩ কাউন্সিলরের, দায়িত্বে কে?

তৃণমূল পরিচালিত রানাঘাট পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান-সহ ১৩ জন কাউন্সিলর পদত্যাগ করেছেন।
Published By: Jaba SenPosted: 04:23 PM Jun 30, 2026Updated: 05:53 PM Jun 30, 2026

ফের রাজনৈতিক ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। এবার হাতছাড়া হল রানাঘাট পুরসভা (Ranaghat Municipality)। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান-সহ ১৩ জন কাউন্সিলর পদত্যাগ করেন। এর ফলে নির্বাচিত পুরবোর্ড কার্যত অকার্যকর হয়ে পড়ে। সেই পরিস্থিতিতে মঙ্গলবার থেকে পুরসভার প্রশাসনিক দায়িত্বভার গ্রহণ করেন রানাঘাটের মহকুমাশাসক।

Advertisement

মঙ্গলবার রানাঘাট উত্তর-পশ্চিম বিধানসভার বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে মহকুমাশাসক আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, পৌর এলাকার নাগরিক পরিষেবা কোনওভাবেই ব্যাহত হতে দেওয়া হবে না। সাধারণ মানুষের অভিযোগ শোনা, দ্রুত সমস্যার সমাধান এবং প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখা হবে।

তিনি আরও জানান, বাড়ির নকশা অনুমোদন, বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা, সরকারি নিয়ম লঙ্ঘন করে গড়ে ওঠা বহুতল নির্মাণের উপর নজরদারি, রাস্তা, নিকাশি, পানীয় জল, বর্জ্য অপসারণ, যান চলাচল এবং পৌর এলাকার সার্বিক পরিষেবা নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে জয়লাভের পর বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। নতুন সরকার গঠনের পর রাজ্যের বিভিন্ন পুরসভায় তৃণমূল কংগ্রেসের একাধিক কাউন্সিলর পদত্যাগ করছেন। ভেঙে গিয়েছে একাধিক পুর বোর্ড। রাজনৈতিক মহলের মতে, সেই ধারাবাহিকতারই প্রভাব পড়েছে রানাঘাট পৌরসভায়। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান-সহ ১৩ জন কাউন্সিলরের ইস্তফার ফলে নির্বাচিত বোর্ড ভেঙে গিয়েছে। পৌরসভা সূত্রের দাবি, নাগরিক পরিষেবায় যাতে কোনও বিঘ্ন না ঘটে, সেই কারণেই প্রশাসনিক দায়িত্ব মহকুমাশাসকের হাতে তুলে দেওয়া হয়েছে। আপাতত প্রশাসকের অধীনেই চলবে রানাঘাট পৌরসভার সমস্ত প্রশাসনিক ও উন্নয়নমূলক কাজ। নতুন করে নির্বাচিত বোর্ড গঠিত না হওয়া পর্যন্ত এই ব্যবস্থাই বহাল থাকবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement