শূন্যে জোড়া ড্রোন উড়িয়ে নারীপাচার রুখে দিল পুলিশ। পাচারের পথ থেকে একলপ্তে ১৭ জন কিশোরীকে উদ্ধার। সেইসঙ্গে পুলিশের জালে ধরা পড়ল ৪ পাচারকারী। এই অভাবিত ঘটনার সাক্ষী থাকল উত্তর দিনাজপুরের (North Dinajpur) ইসলামপুরের চম্পাবাগ নিষিদ্ধপল্লির এলাকার ঘটনা। মানবপাচার চক্রের বিরুদ্ধে ড্রোনে নজরদারি চালিয়ে এ হেন অভিনব সাফল্য এই প্রথম ইসলামপুর পুলিশ জেলার।
শনিবার পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পৌঁছয় বিহার-সহ অসম ও গুজরাট থেকে একাধিক নাবালিকাকে পাচার করে চম্পাবাগ এলাকার নিষিদ্ধপল্লিতে লুকিয়ে রাখা হয়েছে। খবর পেয়েই ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে বিশেষ অভিযান শুরু হয়। অভিযানে প্রথমবার ড্রোন ব্যবহার করে গোটা এলাকায় নজরদারি চালানো হয়। পুলিশের দাবি, ড্রোনের উপস্থিতি টের পেয়ে কয়েকজন অভিযুক্ত পালানোর চেষ্টা করে। তবে আগে থেকেই এলাকায় গোপনে মোতায়েন থাকা পুলিশকর্মীরা চারজনকে আটক করেন। পরে তাদের গ্রেপ্তার করা হয়। একই অভিযানে উদ্ধার করা হয় ১৭ জন নাবালিকাকে।
ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার রাকেশ সিং বলেন, এটি পুলিশের একটি বড় সাফল্য। প্রাথমিক তদন্তে একটি বড় মানবপাচার চক্রের যোগসূত্র মিলেছে বলে মনে করা হচ্ছে। উদ্ধার হওয়া কিশোরীরা বিহার ও অসম ও গুজরাটের বাসিন্দা। ধৃতদের আজ শনিবার ইসলামপুর মহকুমা আদালতে তুলে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে মূল পাচারচক্রের মাথার খোঁজ করা হবে। পাশাপাশি উদ্ধার হওয়া নাবালিকাদের কাউন্সেলিং ও প্রয়োজনীয় আইনি সহায়তার ব্যবস্থা করা হয়েছে।" ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মানবপাচার চক্রের সঙ্গে জড়িত বাকি সদস্যদের খোঁজে তল্লাশি চলছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধ রুখতে সীমান্তবর্তী এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
