shono
Advertisement
Annapurna Yojana

পালাবদলেও পালটায়নি চিত্র, বঞ্চিত বিজেপি, তৃণমূলের পকেটে ঢুকছে অন্নপূর্ণার টাকা! ক্ষুব্ধ চন্দনা

বিডিও অফিসে কর্মীদের সঙ্গে তাঁর কথোপকথনের একটি ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।
Published By: Jaba SenPosted: 01:51 PM Jul 04, 2026Updated: 02:50 PM Jul 04, 2026

অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা ঢুকছে তৃণমূল কর্মীদের অ্যাকাউন্টে, বঞ্চিত হচ্ছেন বাকিরা। এই অভিযোগ তুলে মেজিয়া বিডিও অফিসে গিয়ে নিরপেক্ষভাবে কাজ করার হুঁশিয়ারি দেন বিজেপি বিধায়ক চন্দনা বাউরি। সেই সময় বিডিও অফিসে কর্মীদের সঙ্গে তাঁর কথোপকথনের একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

Advertisement

ঘটনার কথা স্বীকার করেছেন চন্দনা বাউরি। তাঁর দাবি, দিন দু'য়েক আগে এলাকার বহু মহিলা তাঁর কাছে অভিযোগ করেন, অন্নপূর্ণা যোজনার টাকা তাঁদের অ্যাকাউন্টে ঢোকেনি। সেই অভিযোগের ভিত্তিতেই তিনি মেজিয়া বিডিও অফিসে যান। সেখানে উপস্থিত কর্মীদের উদ্দেশে তিনি বলেন, তৃণমূলের লোকজনের পকেটে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে। বেছে বেছে টাকা দেওয়া হয়েছে। গরিব মানুষ বঞ্চিত হচ্ছেন। এমনকী বিধায়ক যাঁদের অন্নপূর্ণা যোজনার সার্টিফিকেট দিয়েছেন তাঁদের অ্যাকাউন্টেও টাকা ঢোকেনি। এদিকে তৃণমূলের লোকজন টাকা পেয়ে যাচ্ছেন। এই নিয়ে বিডিও অফিসে এসে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। কোনও রাজনৈতিক পরিচয় না দেখে সকলের সঙ্গে সমান আচরণ করার বার্তা দেন তিনি। নিয়ম মেনে সাধারণ মানুষের কাজ করতে হবে বলে জানান।

চন্দনা বাউরি বলেন, "১-২ দিন আগে আমার কাছে এলাকার বহু মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন না বলে অভিযোগ করেছিলেন। সেই অভিযোগ পাওয়ার পরেই আমি বিডিও অফিসে যাই। কর্মীদের বলেছি, নিরপেক্ষভাবে কাজ করুন। কোনও মানুষ যেন রাজনৈতিক পরিচয়ের কারণে সরকারি পরিষেবা থেকে বঞ্চিত না হন। সাধারণ মানুষের অভিযোগ গুরুত্ব দিয়ে শুনে নিয়ম মেনে কাজ করতে হবে।"

বিডিও অফিসে গিয়ে কর্মীদের হুঁশিয়ারি দেওয়ার ভিডিও প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। তবে এই ঘটনায় মেজিয়া ব্লক প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement