shono
Advertisement
Jaynagar Accident

নববর্ষের সকালে ম্লান, দুর্ঘটনায় মৃত ২ যুবক, নাতির চলে যাওয়ায় হৃদরোগে প্রাণ হারালেন ঠাকুমাও!

নববর্ষের সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা জয়নগরে। পথ দুর্ঘটনায় মারা গেল দুই যুবক। নাতির মৃত্যুর কথা শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ঠাকুমা। বাংলা নববর্ষের দিন এই ঘটনায় শোকের ছায়া।
Published By: Suhrid DasPosted: 12:58 PM Apr 15, 2026Updated: 02:09 PM Apr 15, 2026

নববর্ষের সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা জয়নগরে (Jaynagar Accident)। পথ দুর্ঘটনায় মারা গেল দুই যুবক। নাতির মৃত্যুর কথা শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ঠাকুমা। বাংলা নববর্ষের দিন এই ঘটনায় শোকের ছায়া।

Advertisement

জানা গিয়েছে, নববর্ষ উপলক্ষ্যে বৃদ্ধা মলিনা মণ্ডলের বাড়িতে প্রতিবছর অনুষ্ঠান, পুজো হয়। এদিন সেই উপলক্ষ্যে বাজার করতে সুভাষ মণ্ডল ও বিকি মণ্ডল বাইক চালিয়ে বাজারে গিয়েছিলেন। জয়নগরের ব্যাজরা এলাকায় রাস্তার পাশে বাইক দাঁড় করিয়ে দু'জনে কথা বলছিলেন। সেসময় জয়নগরের দিক থেকে বারুইপুর যাওয়ার রাস্তায় একটি সবজিবোঝাই চারচাকা গাড়ি দ্রুতগতিতে তাঁদের ধাক্কা মারে। দুর্ঘটনায় দুই যুবক ছিটকে পড়েন।

ঘটনাস্থল থেকে ঘাতক গাড়িটি পালিয়ে যায়। আশপাশের লোকজন দ্রুত সেখানে ছুটে গিয়ে রক্তাক্ত দুই যুবককে উদ্ধার করে স্থানীয় পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু কর্মরত চিকিৎসকরা তাঁদের মৃত্যু হয়েছে বলে জানিয়ে দেন। খবর দেওয়া হয় পরিবারের লোকজনদের। এই খবর পাওয়ার পরেই পরিবারের লোকজনরা কান্নায় ভেঙে পড়েন। ২২ বছরের বিকির ঠাকুমার নাম মনিলা মণ্ডল। নাতির মৃত্যুর কথা শুনে ৬০ বছর বয়সী মনিলা ভেঙে পড়েন। কিছু সময়ের মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন। নাতির মৃত্যুর খবর সহ্য করতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ঠাকুমার।

বৃদ্ধার মৃত্যুতে আরও হতবাক হয়ে পড়েন পরিবারের লোকজন। নববর্ষের সকালে তিনটি প্রাণ চলে যাওয়ায় শোকগ্রস্ত ওই এলাকা। দুর্ঘটনায় মৃত্যু হওয়া দুই যুবকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘাতক গাড়িটির খোঁজে পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে। এলাকার বিভিন্ন রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement