shono
Advertisement

মাত্র ৩৫০ টাকায় ভাগ্যবদল, লটারির টিকিট কেটে রাতারাতি কোটিপতি ক্যানিংয়ের ক্ষেতমজুর

নিরাপত্তার দাবিতে ক্যানিং থানার দ্বারস্থ ওই ক্ষেতমজুর।
Posted: 10:37 AM Feb 09, 2022Updated: 10:37 AM Feb 09, 2022

দেবব্রত মণ্ডল, বারুইপুর: মাত্র ৩৫০ টাকায় ভাগ্যবদল। লটারির (Lottery) টিকিট কেটে রাতারাতি কোটিপতি এক ক্ষেতমজুর। দক্ষিণ ২৪ পরগনার তালদি গ্রাম পঞ্চায়েতের বয়ার সিং এলাকার বাসিন্দা ওই ক্ষেতমজুরের মনে তবু শান্তি নেই। কারণ, এত টাকা পাওয়ার ফলে নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। ক্যানিং থানার দ্বারস্থ ওই ক্ষেতমজুর। পুলিশ ওই ক্ষেতমজুরকে নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেছেন।

Advertisement

রফিক আলি গাজি নামে ওই যুবক ক্ষেতমজুরের কাজ করে সংসার চালান। অল্প আয়ে সংসার চালানোই দায়। লকডাউনের সময় আয় অনেকটাই কমে যায়। মাথায় হাত পড়ে তাঁর। তবে মাত্র কয়েকদিন দিনবদল। কীভাবে সম্ভব হল তা জানিয়েছেন কোটিপতি ওই যুবক। তিনি বলেন, “লকডাউনে অনেক টাকা দেনা হয়েছে। কাজ ছিল না। বাড়িতে চাষবাসের কাজ করে সংসার চালানোর চেষ্টা করি। কি করব ভেবে পাচ্ছিলাম না। গত জানুয়ারি মাসের ১৫ তারিখ থেকে লটারির টিকিট মাঝে মধ্যে কাটতাম। যদি ভাগ্য পরিবর্তন হয় সেই আশায়। মঙ্গলবার সন্ধেয় তালদির একটি লটারির কাউন্টার থেকে ৩৫০ টাকার টিকিট কিনেছিলাম। এরপর জানতে পারি লটারির টিকিট কেটে কোটি টাকা পেয়েছি।

[আরও পড়ুন: লক্ষ্য গ্রামীণ অর্থনীতি ও পরিকাঠামোর উন্নয়ন, ৯ দপ্তরের জন্য প্রায় ৫০০ কোটি টাকা বরাদ্দ রাজ্যের]

কোটি টাকা দিয়ে কী করবেন, তা স্থির করে ফেলেছেন রফিক। তিনি জানান, “খুব কষ্ট করে সংসার চালাতাম। লকডাউনে আয় কমে যায়। তাই অনেক টাকা দেনায় জড়িয়ে যাই। লটারির টাকা নিয়ে দেনা শোধ করব। বাড়িঘর তৈরি করব। পরিবারের সকলের জন্য কিছু করব।” তবে টাকা পাওয়ার পরেও শান্তি নেই ক্ষেতমজুরের। কারণ, কোটি টাকার মালিক বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই ঝুঁকি না নিয়ে ক্যানিং থানার দ্বারস্থ হন তিনি। নিরাপত্তা দেওয়ার আরজিও জানান। পুলিশ যদিও তাঁকে নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেয়।

উল্লেখ্য, ক্যানিং মহকুমা এলাকায় লকডাউনের শুরু থেকে এখনও পর্যন্ত লটারির টিকিট কেটে কোটিপতি হয়েছেন মোট ৪ জন। বাসন্তী থানার চড়াবিদ্যার এক মৎস্যজীবী ১ কোটি টাকা জিতে কোটিপতি হয়েছেন। সাম্প্রতিককালে ক্যানিংয়ের হেড়োভাঙ্গার গ্রামের দুই বন্ধু অটোচালক ভরত সিংহ ও বিশ্বজিৎ সুঁই লটারির টিকিট কেটে যৌথভাবে কোটিপতি হন। এবার তালদির ক্ষেতমজুর সেই তালিকায় নাম লেখালেন। লটারির টিকিট কিনে জিতলেন কোটি টাকা।

[আরও পড়ুন: Google Chrome ব্যবহার করেন? সাবধান! দেশবাসীকে সতর্ক করল কেন্দ্র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement