বাবুল হক, মালদহ: গণপিটুনিতে যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এবার উত্তপ্ত মালদহ। ঘটনার প্রতিবাদে রবিবার মালদহের একাধিক জায়গায় বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয়রা। বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে ৩৪ নম্বর জাতীয় সড়কের একাংশ। ঘটনার প্রতিবাদে সরব হন কংগ্রেস নেতৃত্বও। সূত্রের খবর, ইতিমধ্যেই ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
[আরও পড়ুন: বনগাঁয় গভীর রাতে কাউন্সিলরের বাড়িতে বোমাবাজি, অভিযুক্ত তৃণমূল]
শানাউলের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই প্রতিবাদে সরব হন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। মৃতের পরিবারকে আর্থিক সাহায্য ও সরকারি চাকরি দেওয়ার দাবি জানান তিনি। এ প্রসঙ্গে শাসকদলকে কটাক্ষ করে তিনি বলেন, ‘‘পশ্চিমবঙ্গে কি গণপিটুনির সূত্রপাত ঘটছে? এজন্য দায়ী রাজ্য সরকার। আমরা লজ্জিত, যে বাংলায় এ ধরনের ঘটনা ঘটছে। আমরা চাই, রাজ্য সরকার নিহতের পরিবারকে ১০ লক্ষ টাকা সাহায্য করুক। সেইসঙ্গে পরিবারের সদস্যকে চাকরি দেওয়া হোক। পাশাপাশি অভিযুক্তদের কড়া শাস্তির দাবি জানাচ্ছি।’’ রবিবার নিহতের বাড়িতে যান সুজাপুরের কংগ্রেস বিধায়ক ইশা খান চৌধুরি। অভিযুক্তের শাস্তির দাবি জানান তিনিও। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্যদের খোঁজে চলছে তল্লাশি।
