চূড়ান্ত ভোটার তালিকায় নিজের ও পরিবারের বেশ কয়েকজন সদস্যের নামের পাশে লেখা ছিল বিচারাধীন। স্বাভাবিকভাবেই প্রবল আতঙ্কিত হয়ে পড়েছিলেন উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের এক ভোটার। যার পরিণতি হল মর্মান্তিক। সোমবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল তাঁর। পরিবারের দাবি, আতঙ্ক ও মানসিক চাপের কারণেই এই ঘটনা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম আবদুল হাদি। উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের বাসিন্দা তিনি। এসআইআরের (West Bengal SIR) পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর দেখা যায়, তাঁর পরিবারের পরিবারের কয়েকজন সদস্যের নামের পাশে লেখা বিচারাধীন। স্বাভাবিকভাবেই প্রবল আতঙ্কে ছিলেন তিনি। অতিরিক্ত তালিকায় নাম না উঠলে কী হবে, তা নিয়ে দুশ্চিন্তা গ্রাস করেছিল তাঁকে। প্রায়ই নাকি পরিবারের সদস্যদের বলতেন, "কী হবে আমাদের, ভোটার লিস্টে নাম না উঠলে অন্য কথাও পাঠিয়ে দেবে?" আতঙ্কের মাঝেই সোমবার সকালে বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হন আবদুল। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।
এসআইআর (West Bengal SIR) আতঙ্কে মৃত্যুর খবর পেয়ে আবদুলের বাড়িতে ছুটে যান স্থানীয় পঞ্চায়েতের প্রধান নুরউদ্দিন। তাঁর অভিযোগ, "এসআইআরের আতঙ্কে মৃত্যু হয়েছে। এই মৃত্যুর দায় নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারের। যদিও ইসলামপুর পুলিশ সুপার রাকেশকুমার সিংহ বলেন, "দেহ ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে।" উল্লেখ্য, আজই প্রকাশিত হবে আংশিক অতিরিক্ত তালিকা।
