shono
Advertisement
Dress Code

গেরুয়া উত্তরীয় বনাম বোরখা, পোশাক নিয়ে বারাসত কলেজে সম্মুখ সমরে এবিভিপি-বজরং দল!

দিন কয়েক আগে এই সংক্রান্ত ভিডিও ভাইরাল হয়, যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি 'সংবাদ প্রতিদিন ডিজিটাল'।
Published By: Sucheta SenguptaPosted: 09:52 PM Jun 27, 2026Updated: 09:52 PM Jun 27, 2026

গেরুয়া উত্তরীয় গলায় ঝোলানো নিয়ে আপত্তি, পালটা বোরখা পরা নিয়েও প্রশ্ন। বারাসত কলেজে পোশাক বিতর্ক ঘিরে এবার প্রকাশ্যে মুখোমুখি আরএসএসের দুই সংগঠন — এবিভিপি ও বজরং দল। শিক্ষা প্রতিষ্ঠানে কী পোশাক পরা যাবে, তা নিয়ে দুই সংগঠনের ভিন্ন অবস্থানকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। এনিয়ে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথোপকথনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যদিও সেই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি 'সংবাদ প্রতিদিন ডিজিটাল'। আর তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

Advertisement

উল্লেখ্য, কয়েকদিন আগে বজরং দলের কয়েকজন ছাত্র সদস্য গেরুয়া উত্তরীয় পরে কলেজে আসেন। অভিযোগ, তাতেই আপত্তি তোলে বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। তাদের বক্তব্য, শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় বা রাজনৈতিক পরিচয় প্রদর্শনের জায়গা নয়। তাই গেরুয়া উত্তরীয় পরে কলেজে না আসার পরামর্শ দেওয়া হয়। এর বিরোধিতায় কলেজ কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে বজরং দল। তাদের প্রশ্ন, গেরুয়া উত্তরীয়ে আপত্তি থাকলে বোরখা বা ধর্মীয় পরিচয় বহনকারী অন্য পোশাকের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে কি না। ভাইরাল হওয়া ভিডিওতে সংগঠনের সদস্যদের বলতে শোনা যায়, শিক্ষা প্রতিষ্ঠানে সবার জন্য একই নিয়ম হওয়া উচিত। ভিডিওটির সত্যতা যাচাই করেনি 'সংবাদ প্রতিদিন ডিজিটাল'।

এনিয়ে বজরং দলের নেতা প্রদীপ মজুমদার বলেন, ‘‘গেরুয়া উত্তরীয় নিয়ে আপত্তির জেরেই কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছিল। পরে সেই বৈঠকের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে দুই সংগঠনই আরএসএসের অংশ হওয়ায় আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধানের চেষ্টা চলছে। ইতিমধ্যে ভিডিওটি সরিয়ে ফেলা হয়েছে।'' যদিও এবিভিপির তরফে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে কলেজ কর্তৃপক্ষের স্পষ্ট বক্তব্য, সরকার যে নির্দেশিকা দেবে, সেই অনুযায়ীই পোশাক সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement