shono
Advertisement
Agnimitra Paul

পটাশপুরে স্পিডবোটে বন্যা পরিস্থিতি পরিদর্শন, 'অবৈধ নির্মাণে বুলডোজার' চালানোর হুঁশিয়ারি মন্ত্রীর

কেলেঘাই নদীর আশপাশ দখল করে গড়ে ওঠা অবৈধ নির্মাণ নিয়ে সরব হন মন্ত্রী। তাঁর স্পষ্ট বার্তা, নদী দখল করে যে সমস্ত অবৈধ নির্মাণ হয়েছে, সেগুলি দ্রুত সরিয়ে নিতে হবে। অন্যথায় বুলডোজার চালিয়ে ওই নির্মাণ ভেঙে দেবে প্রশাসন।
Published By: Jaba SenPosted: 06:18 PM Aug 18, 2026Updated: 07:04 PM Aug 18, 2026

পূর্ব মেদিনীপুরের পটাশপুরে এসে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। পটাশপুর থানার আমগাছিয়া বাংলোয় এসে স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। বন্যার কারণে এলাকার মানুষের দুর্ভোগ, জলনিকাশি ব্যবস্থা এবং নদীর বর্তমান পরিস্থিতি নিয়ে স্থানীয়দের কাছ থেকে বিস্তারিত খোঁজখবর নেন মন্ত্রী। পটাশপুরে বিস্তীর্ণ এলাকা স্পিডবোটে চেপে পরিদর্শন করেন অগ্নিমিত্রা। এরপর কেলেঘাই নদীর আশপাশ দখল করে গড়ে ওঠা অবৈধ নির্মাণ নিয়ে সরব হন তিনি। তাঁর স্পষ্ট বার্তা, নদী দখল করে যে সমস্ত অবৈধ নির্মাণ হয়েছে, সেগুলি দ্রুত সরিয়ে নিতে হবে। অন্যথায় বুলডোজার চালিয়ে ওই নির্মাণ ভেঙে দেবে প্রশাসন।

Advertisement

মন্ত্রী জানান, নদীর স্বাভাবিক গতিপথ ও জলপ্রবাহ কোনওভাবেই বাধাগ্রস্ত হতে দেওয়া যাবে না। নদী দখল করে নির্মাণের ফলে জলনিকাশি ব্যবস্থা ব্যাহত হয়। এর জেরে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। তাই কেলেঘাই নদীকে দখলমুক্ত করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। আমগাছিয়া বাংলোয় মন্ত্রীর সঙ্গে দেখা করে স্থানীয় বাসিন্দারা বন্যা পরিস্থিতি ও তাঁদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। নদীর জলস্তর বৃদ্ধি, জলবন্দি এলাকা এবং জলনিকাশি নিয়ে স্থানীয়দের বক্তব্য শোনেন অগ্নিমিত্রা। তাঁদের সমস্যার দ্রুত সমাধানের আশ্বাসও দেন তিনি। এদিন মন্ত্রীর এই কড়া বার্তাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কেলেঘাই নদীর দখলদারি ও অবৈধ নির্মাণের বিরুদ্ধে প্রশাসন আগামী দিনে কী পদক্ষেপ নেয়, সেদিকেই এখন নজর স্থানীয় বাসিন্দাদের।

অন্যদিকে, কাজলাগড় হাই স্কুলের ত্রাণশিবিরে আশ্রয় নেওয়া দুর্গত মানুষের সঙ্গে দেখা করে তাঁদের পরিস্থিতির খোঁজখবর নেন অগ্নিমিত্রা। তাঁদের সমস্যার কথা শোনেন। পাশাপাশি এই কঠিন সময়ে তাঁদের পাশে থাকার আশ্বাস দিলেন রাজ্যের রাষ্ট্রমন্ত্রী শান্তনু প্রামাণিক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement