ব্যারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচীর (Kaustav Bagchi) বাড়িতে হামলার ছক! বুধবার রাতে বাইকে করে তাঁর বাড়ির সামনে এসে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিধায়ক জানান, বোমা ও গুলি চালানোর হুমকি-সহ অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। রাতের অন্ধকারে চলে তাণ্ডব। এই ঘটনা পূর্ব পরিকল্পিত। বিজেপি নেতা মণীশ শুক্লা খুনের তদন্ত চেয়েছেন বলেই তাঁর বাড়িতে হামলার ছক হয়েছে। তিনি কাঠগড়ায় দাঁড় করান ব্যারাকপুর পুরসভার তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান উত্তম দাস-সহ বিজেপির কয়েকজনকে। এই ঘটনায় টিটাগড় থানায় অভিযোগ দায়ের হয়েছে। আটক হয়েছেন ৬ জন।
কৌস্তভ জানান, উত্তম দাসের মতো তৃণমূল নেতারা বিজেপিতে ঢোকার চেষ্টায় মরিয়া হয়ে উঠেছেন। বিজেপির কয়েকজন নেতাও তৃণমূলীদের দলে ঢোকানোর চেষ্টা করছেন। এসবে বাধা হয়ে দাঁড়িয়েছেন তিনি। সেই কারণে সবার অসুবিধা হচ্ছে। তাই পরিকল্পিতভাবে ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে ও তাঁর পরিবারকে ভয় দেখানোর জন্য এই তাণ্ডব চালানো হয়েছে। বিধায়ক জানান, তাঁর উপর প্রাণঘাতী হামলা হতে পারে।
দুষ্কৃতীদের তাণ্ডবের একাধিক সিসিটিভি ফুটেজ প্রকাশ করেন বিধায়ক। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বাইকে চেপে তিন ব্যক্তি বিধায়কের বাড়ির সামনে দিয়ে একাধিকবার যাতায়াত করছেন। কৌস্তভ জানান, সেই সময় তিনি বাড়িতে ছিলেন না। পরিবারের সদস্যদের ভয় দেখানোর জন্যই বাইকে এসে হুমকি দেওয়া হয়েছে। বোমা, গুলি চালানোর হুমকি দিয়েছে দুষ্কৃতীরা।
কৌস্তভের (Kaustav Bagchi) কথায়, "বাইকে চেপে যাওয়ার সময় বিধায়ককে দেখে নেব, বুঝে নেব, বোমা মারব, গুলি করব বলা হয়েছে। অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। উত্তম দাস-সহ ব্যারাকপুরের তৃণমূলের চোর জোচ্চররা বিজেপিতে যোগদান করতে উঠে পড়ে লেগেছে। মনীষ শুক্লার খুনের তদন্ত চেয়েছি বলে অনেকের মাথা খারাপ হয়ে গিয়েছে। রাতের ঘুম উড়ে গিয়েছে। আমাদের দলের কিছু লোকজনও এসব মানুষকে দলে নিতে উদগ্রীব হয়ে পড়েছেন। তাঁদের সকলের অসুবিধা হচ্ছে আমাকে নিয়ে। আমার উপর প্রাণঘাতী হামলা হতে পারে।
