shono
Advertisement

দুর্ঘটনার ৩৮ দিন পর পুরুলিয়ার বাড়িতে ফিরল তরুণ বাঙালি গবেষকের দেহ

অ্যান্টার্কটিকা অভিযানে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন শুভজিৎ সেন৷ The post দুর্ঘটনার ৩৮ দিন পর পুরুলিয়ার বাড়িতে ফিরল তরুণ বাঙালি গবেষকের দেহ appeared first on Sangbad Pratidin.
Posted: 09:57 AM May 05, 2018Updated: 11:37 AM May 05, 2018

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: এপ্রিলে বাড়ির বড় ছেলের বিয়ে৷ তার ঠিক আগেই এসেছিল দুঃসংবাদ৷ বিপদসঙ্কুল অ্যান্টার্কটিকা অভিযানে গিয়ে প্রাণ হারান তরুণ বাঙালি গবেষক শুভজিৎ সেন৷ দুর্ঘটনায় ৩৮ দিন পর অবশেষে তাঁর মৃতদেহ ফিরল বাড়িতে৷ শুক্রবার সকালে পুরুলিয়া শহরের ভুঁইয়া পাড়ার বাড়িতে শুভজিতের কফিনবন্দি দেহ নিয়ে পৌঁছায়৷ ছোট ছেলের মৃতদেহ দেখে আর নিজেদের ধরে রাখতে পারেননি ওই তরুণের বাবা-মা৷ চোখে জল প্রতিবেশীদেরও৷

Advertisement

[রাখা হল না মাকে দেওয়া কথা, কুমেরু অভিযানে মৃত্যু পুরুলিয়ার শুভজিতের]

ছোটবেলা থেকেই প্রকৃতি, ভূমিকম্প, পরিবেশ নিয়ে আগ্রহ ছিল পুরুলিয়ার সেনবাড়ির ছোট ছেলে শুভজিতের৷ ভূ-তত্ত্ব নিয়ে পড়াশোনা শেষ করে গবেষণা করছিলেন৷ ৩৭ তম ‘ইন্ডিয়ান সাইন্টিফিক এক্সপিডিশন টু অ্যান্টার্কটিকা’র  সদস্য ছিলেন বছর চব্বিশের শুভজিৎ৷ গত বছরের অক্টোবরে অন্য অভিযাত্রীদের সঙ্গে বিপদসঙ্কুল কুমেরু অভিযানে গিয়েছিলেন তিনি৷ মাকে কথা দিয়ে গিয়েছিলেন, এপ্রিলে দাদার বিয়ের আগেই বাড়ি ফিরবেন৷ কিন্তু, বিধি বাম! ২৬ মার্চ সকালে বরফের দেশে দুর্ঘটনার প্রাণ হারান শুভজিৎ৷ ২৭ মার্চ সকালে ছেলের মৃত্যুসংবাদ পান বাড়ির লোকেরা৷ কিন্তু, সুদূর অ্যান্টার্কটিকা থেকে কীভাবে ফিরিয়ে আনা হবে বাঙালি গবেষকের দেহ?  তা নিয়ে দুঃশ্চিন্তায় ছিলেন শুভজিতের বাড়ির লোকেরা৷ দুর্ঘটনার ৩৮ দিন পর বিদেশমন্ত্রকের মধ্যস্থতায় তাঁর মরদেহ ফিরল পুরুলিয়ার বাড়িতে৷

[শুভজিতের দেহ নিয়ে অ্যান্টার্কটিকা থেকে ফিরছে রুশ জাহাজ]

জানা গিয়েছে, গত ১২ এপ্রিল অ্যান্টার্কটিকায় ভারতের বেসক্যাম্প থেকে শুভজিৎ সেনের মরদেহ নিয়ে রওনা হয় রাশিয়ার একটি জাহাজ৷ ২২ এপ্রিল জাহাজটি পৌঁছায় দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরে৷ কেপটাউন থেকে বিমানে শুক্রবার সন্ধ্যায় শুভজিতের মরদেহ পৌঁছায় দমদম বিমানবন্দরে৷ শুক্রবার ছোট ছেলেকে শেষবার দেখার সুযোগ পেলেন পুরুলিয়া সেনবাড়ির সদস্যরা৷ এদিন সকাল সাতটা নাগাদ শুভজিতের মরদেহ নিয়ে শহরের ভুঁইয়া পাড়ার বাড়িতে পৌঁছন ন্যাশনাল সেন্টার ফর অ্যান্টার্কটিক অ্যান্ড ওসেন রিসার্চের সদস্যরা৷ এই সংস্থারটি হয়ে কুমেরু অভিযানে গিয়েছিলেন ওই তরুণ বাঙালি গবেষক৷ ছিলেন কেন্দ্রীয় সরকার এক প্রতিনিধিও৷ শুভজিতকে শেষবার দেখতে তাঁর বাড়িতে ভিড় করেছিলেন প্রতিবেশীরা৷  ছেলের মৃতদেহ সামনে কান্নায় ভেঙে পড়েন শুভজিতের বাবা ও মা৷  জানা গিয়েছে, মৃত্যুর পর শুভজিত সেনের দেহের ময়নাতদন্ত করা হয়েছে৷ রিপোর্টে বলা হয়েছে, দুর্ঘটনায় ঘাড়ের কাছে গুরুতর আঘাত পেয়েছিলেন শুভজিৎ সেন৷ সেই আঘাতের কারণে মৃত্যু হয় তাঁর৷

[ভাগাড়ের জীবাণু বাড়াচ্ছে আত্মহত্যার প্রবণতাও]

The post দুর্ঘটনার ৩৮ দিন পর পুরুলিয়ার বাড়িতে ফিরল তরুণ বাঙালি গবেষকের দেহ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement