shono
Advertisement

চুক্তি ভেঙে ভারতের জমি দখল করল বাংলাদেশ

ভয়ে প্রহর গুনছে জলপাইগুড়ির সীমান্ত গ্রাম দক্ষিণ বেরুবাড়ি! The post চুক্তি ভেঙে ভারতের জমি দখল করল বাংলাদেশ appeared first on Sangbad Pratidin.
Posted: 02:49 PM Oct 03, 2016Updated: 09:19 AM Oct 03, 2016

শান্তনু কর: চুক্তির পরেও মেটেনি সমস্যা৷ বরং সাড়ে ১৪ বিঘা জমি হারাবার ভয়ে প্রহর গুনছে জলপাইগুড়ির সীমান্ত গ্রাম দক্ষিণ বেরুবাড়ি৷ ভারতের জমি হলেও সম্প্রতি বাংলাদেশ তাদের মানচিত্রে বেরুবাড়ির নওজোয়াপাড়া গ্রামের সাড়ে ১৪ বিঘা জমিকে অন্তর্ভুক্ত করেছে৷ আর তাতেই সিঁদুর মেঘ দেখছেন এলাকার বাসিন্দারা৷ প্রয়োজনে জমিরক্ষায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা৷
ভারত-বাংলাদেশ সীমান্তে নওজোয়াপাড়া গ্রাম ভৌগোলিকভাবে অনেকটা পাখির ঠোঁটের মতো৷ ১৯৮৬ সালে এই এলাকার ২৫ নম্বর সিটের ১৬ বিঘা জমি বাংলাদেশ নিজেদের দখলে রেকর্ড করে নেয়৷ ওই জমি ও তার আশপাশে কোনও বসতি না থাকায় আপত্তি তোলেননি গ্রামবাসীরা৷ কিন্তু এবার ওই একই সিটের ১০ থেকে ৩০ নম্বর পিলার পর্যন্ত সাড়ে ১৪ বিঘা জমি নিজেদের দখলে আনার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ৷ আর এই খবরেই নওজোয়াপাড়া গ্রাম তেতে উঠেছে৷
বেরুবাড়ি সীমান্ত সুরক্ষা কমিটির সম্পাদক সারদাপ্রসাদ দাস বলেন, “এর আগেও বাংলাদেশ এই জমি দখলের চেষ্টা করেছে৷ কিন্তু আমাদের বাধায় তা সম্ভব হয়নি৷ ১৯৯৮ সালে দু’দেশের সার্ভেয়ারের মধ্যে চুক্তি হয়৷ সেই চুক্তি অনুযায়ী সাড়ে ১৪ বিঘা জমি ভারতের বলে মেনে নেওয়া হয়৷ কিন্তু বাংলাদেশ এখন সেই চুক্তি মানছে না৷” গত বছর বাংলাদেশের সঙ্গে স্থল সীমান্তর চুক্তির ফলে ছিটমহল ও অন্যান্য বিতর্কিত গ্রামের সমস্যা মিটলেও মেটেনি বেরুবাড়ির সাড়ে ১৪ বিঘা জমির সমস্যা৷ যার সুযোগ নিচ্ছে বাংলাদেশ৷
দক্ষিণ বেরুবাড়ির উপপুরপ্রধান সঞ্জীব রায় বলেন, “ছিটমহল চুক্তির সময়েই এই সমস্যা মিটিয়ে ফেলা উচিত ছিল৷ তাহলে আজ বাংলাদেশ নিজেদের মানচিত্রে এই জমি অন্তর্ভুক্ত করার সাহস পেত না৷”
প্রাক্তন বিধায়ক তথা বেরুবাড়ি সীমান্ত সুরক্ষা ও উন্নয়ন সংগ্রাম কমিটির উপদেষ্টা গোবিন্দ রায়ও একই সুরে সমস্যা জিইয়ে রাখায় ক্ষোভ প্রকাশ করেন৷ এই সাড়ে ১৪ বিঘা জমি দখল করে যদি বাংলাদেশ কাঁটাতারের বেড়া দিয়ে দেয়, তাহলে যাতায়াতের সমস্যায় পড়বেন নওজোয়াপাড়া গ্রামের মানুষজন৷
এ প্রসঙ্গে জলপাইগুড়ির জেলাশাসক ড. বিশ্বনাথ বলেন, “বিষয়টি নজরে এসেছে৷ এ ব্যাপারে যা যা করণীয়, তাই করা হবে৷”

Advertisement

The post চুক্তি ভেঙে ভারতের জমি দখল করল বাংলাদেশ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement