সোমনাথ পাল, বনগাঁ: সিপিএম প্রার্থীর বাড়ির গেটে পাওয়া গেল দড়িতে বাঁধা সাদা থান ও রজনীগন্ধার মালা। সাতসকালে প্রার্থীর বাড়ির সামনে এহেন উপকরণ দেখে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাস্থল বনগাঁর গোপাল নগর থানা এলাকার গোপাল নগর দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের সুন্দরপুর। গোটা ঘটনায় শাসক তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন সিপিএম প্রার্থী।
Advertisement
[বিরোধীদের মশা আখ্যা অনুব্রতর, বুথের বাইরে মশারি টাঙানোর পরামর্শ]
জানা গিয়েছে, ওই পঞ্চায়েতের ১৩১ নম্বর গ্রামসভার প্রার্থী হয়েছেন গোপাল হালদার। গোপালবাবু সকালে ঘুম থেকে উঠে বাড়ির বাইরে আসেন। দরজা খুলতেই দেখতে পান, বাড়ির প্রধান দরজার বাইরে পড়ে আছে সাদা থান কাপড় ও রজনীগন্ধার মালা। এদিকে সাতসকালে এসব দেখে এলাকায় শোরগোল পড়েছে। মাঝে একটা দিন, তারপরেই পঞ্চায়েত নির্বাচন। ঠিক তার আগে এই ঘটনা ঘটায় রীতিমতো আতঙ্কিত প্রার্থী গোপাল হালদার ও তার পরিবার। গোটা ঘটনায় তৃণমূলকেই কাঠগড়ায় তুলছেন গোপালবাবু। তিনি জানান, মনোনয়ন জমা দেওয়ার পর থেকেই তাঁকে নানাভাবে হুমকি দেওয়া হয়েছে। লাগাতার হুমকি চলছে।এতদিন ব্যাপারটি ধর্তব্যের মধ্যে আনেননি গোপালবাবু। শনিবারের ঘটনার পর কিন্তু তাঁর মনেও ভয় ধরেছে। সর্বত্র বিপদের ছায়া দেখছেন তিনি। একই অবস্থা দলের কর্মী সমর্থকদের মধ্যেও। ইতিমধ্যে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন গোপাল হালদার। তদন্তে নেমেছে পুলিশ। অন্যদিকে দলের বিরুদ্ধে ওঠা অভিযোগকে উড়িয়েছেন গোপাল নগরের তৃণমূল নেতৃত্ব।
[পঞ্চায়েত ভোটের গুঁতোয় পুরুলিয়ায় রক্ষীবিহীন মন্ত্রী, জেলাশাসকরা]
The post সিপিএম প্রার্থীর বাড়ির সামনে সাদা থান রজনীগন্ধার মালা, চাঞ্চল্য বনগাঁয় appeared first on Sangbad Pratidin.
