shono
Advertisement

Breaking News

তারস্বরে মাইক বাজানোর প্রতিবাদ, বাঁকুড়ায় মদ্যপদের হাতে আক্রান্ত ৩ পুলিশকর্মী

আক্রান্তদের অবস্থা আশঙ্কাজনক৷
Posted: 08:33 AM Jul 15, 2018Updated: 09:03 AM Jul 15, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যে আবারও আক্রান্ত পুলিশ৷ এবার ঘটনাস্থল বাঁকুড়া৷ মদ্যপ যুবকদের হাতে আক্রান্ত তিন পুলিশকর্মী৷ আক্রান্তদের বাঁকুড়া সম্মেলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে৷ এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি৷

Advertisement

[জামিনে মুক্ত দুষ্কৃতীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, খুন বলে অনুমান পুলিশের]

রথ উপলক্ষে রাজ্যের বিভিন্ন জায়গায় শনিবার নানা অনুষ্ঠান হয়৷ বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র মাচানতলাতেও এক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷  রাত দশটা নাগাদ অনুষ্ঠান শেষ হয়ে যায়৷ কিন্তু তা সত্ত্বেও গভীর রাতে ওই জায়গায় বেশ কয়েকজন যুবক জোরে মাইক বাজিয়ে চটুল গানের সঙ্গে নাচানাচি করছিল৷ প্রত্যেক যুবকই সেই সময় মদ্যপ অবস্থায় ছিল৷ জোরে মাইক বাজানোয় বাধা দেন স্থানীয়রা৷ কিন্তু তাতেও কোনও লাভ হয়নি৷ পরিবর্তে কটূক্তি করতে শুরু করে তারা৷ স্থানীয়দের মারধরেরও হুমকি দেয় মদ্যপরা৷ রীতিমতো তাণ্ডব শুরু করে তারা৷ দুপক্ষের মধ্যে বচসাও বেঁধে যায়৷

[স্কুলের মধ্যেই নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, চাঞ্চল্য মালদহে]

ইতিমধ্যেই বাঁকুড়া সদর থানার পুলিশকে খবর দেন স্থানীয় বাসিন্দারা৷ কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়৷ মদ্যপ যুবকদের তারস্বরে মাইক বাজানোর প্রতিবাদ করেন পুলিশ আধিকারিকরা৷ মাইক বাজাতে বারণ করায় পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে মদ্যপরা৷ শুরু হয় হাতাহাতি৷ মদ্যপদের আক্রমণে তিন পুলিশকর্মী জখম হন৷ মাথা-সহ শরীরের একাধিক জায়গায় চোট পেয়েছেন পুলিশকর্মীরা৷ বাঁকুড়া সম্মেলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে তাঁদের৷ আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক৷ এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ৷ তবে এখনও কাউকেই গ্রেপ্তার করা যায়নি৷

[জলপাইগুড়িতে ক্রিকেটার নিখোঁজ রহস্যে বন্ধুর বিরুদ্ধে অপহরণের অভিযোগ]

শহর কলকাতাই হোক বা রাজ্যের অন্য কোনও জেলায় এর আগেও একাধিকবার আক্রান্ত হতে হয়েছে আইনের ঊর্দিধারীদের৷ ভাঙচুর করা হয়েছে পুলিশের গাড়িতেও৷ শনিবার রাতে বাঁকুড়ার মাচানতলার এই ঘটনায় পুলিশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement