সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পারিবারিক বিবাদের জের। নাবালককে হাত পা বেঁধে নগ্ন করে ছবি তুলল প্রতিবেশী যুবক। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ। অভিযোগ উঠেছে প্রতিবেশী পরিবারটির বিরুদ্ধে। অভিযোগ, এই ঘটনার প্রতিবাদ করতে গেলে নাবালকের পরিবারের সদস্যদের মারধরও করা হয়। ঘটনাটি ঘটেছে ভাঙড়ের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের আম্রেশ্বর গ্রামে। প্রতিবেশী পরিবারটির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে নাবালকের পরিবার।
[ফের বাস দুর্ঘটনা মুর্শিদাবাদে, জখম অন্তত ৪০ জন যাত্রী]
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই দুই পরিবারের মধ্যে জমি সংক্রান্ত বিবাদ রয়েছে। দুই পরিবারের কর্তা হলেন খগেন নস্কর ও প্রশান্ত নস্কর। প্রশান্তবাবুর ছেলে খোকন নস্করের অভিযোগ, দিন দুয়েক আগেই ফের জমি নিয়ে পারিবারিক বিবাদ হয়। তারপরেই তাঁর জ্যাঠতুতো ভাইকে ঘরে আটকে রাখে প্রতিবেশী খগেন নস্করের ছেলেরা। ভাইটি নাবালক, নাম স্বপন নস্কর (১০)। শুধু আটকে রাখাই নয়, হাত পা বেঁধে তাকে নগ্ন করে মোবাইলে ছবিও তোলে খগেনবাবুর বাড়ির তিন যুবক। এরা হল নিরঞ্জন, দীপঙ্কর ও আশিস নস্কর। সেই সঙ্গে চলে মানসিক নির্যাতনও। পরে সেই ছবি ফেসবুক ও বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে দেওয়া হয়। নাবালককে উদ্ধারের পর তার মুখে গোটা বিষয়টি শুনেও প্রথমে কোনও পদক্ষেপ নেয়নি প্রশান্তবাবুর পরিবার। কিন্তু বাচ্চার নগ্ন ছবি ভাইরাল হতেই তাঁরা এই ঘটনার প্রতিবাদ করেন। অভিযোগ, তখন তাঁদের ধরেই পালটা মারধর করে তিন অভিযুক্ত। এই ঘটনার পর ভাঙড় থানায় অভিযোগ জানিয়েছেন নাবালকের পরিবারের সদস্যরা। এদিকে ঘটনার পর থেকেই পলাতক তিন অভিযুক্ত। তাদের বিরুদ্ধে সাইবার ক্রাইমের আওতায় মামলা দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ।
[হুগলিতে লরির সঙ্গে ম্যাটাডোরের মুখোমুখি সংঘর্ষ, মৃত ৪]
উল্লেখ্য, একদিন আগেই সোনারপুরের যুগল সোশ্যাল মিডিয়ার সূত্রে হ্যাকারদের ফাঁদে পড়ার অভিযোগ দায়ের করে। মেসেঞ্জারের অজানা লিঙ্কে ক্লিক করেই তাদের এই অবস্থা। লিঙ্কে ক্লিক করতেই কিশোরের মোবাইলে থাকা বান্ধবীর সঙ্গে অন্তরঙ্গ ছবি হ্যাকারদের কাছে চলে যায়। তারপর তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার ভয় দেখিয়ে ২০ হাজার টাকা দাবি করে হ্যাকাররা। এরপর নিতান্ত মানসিক চাপে পড়ে পুলিশের দ্বারস্থ হয় প্রেমিক কিশোর।
The post পারিবারিক বিবাদের জের, বাচ্চার নগ্ন ছবি নেটদুনিয়ায় ছড়াল প্রতিবেশী appeared first on Sangbad Pratidin.
