বৃহস্পতিবার সকালে ভয়াবহ দুর্ঘটনা কোচবিহারে (Cooch Behar Accident)। বাইক ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ২ যুবকের। দেহ দু'টি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘাতক গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। আটক করা হয়েছে গাড়িটির চালক ও খালসিকেও। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই যুবকের নাম গৌর সাহা ও প্রণব দে। দু'জনেরই বয়স ২৫ বছর। গৌর বিজেপির কোচবিহার জেলার আইটি সেলের কো-কনভেনরের দায়িত্বেও ছিলেন। তিনি কোচবিহার শহরের ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। প্রণব দে কোচবিহার ১ ব্লকের কালীঘাট রোড এলাকার বাসিন্দা।
জানা গিয়েছে, এই দুই যুবক ফটোগ্রাফি করেন। বুধবার রাতে বিয়ে বাড়িতে ফটোগ্রাফির কাজ শেষ করে কোচবিহার ফিরছিলেন দুইজন। বৃহস্পতিবার ভোর নাগাদ মাথাভাঙার দিকে থেকে দ্রুত গতিতে ধেয়ে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে বাইকের। রাস্তায় ছিটকে পড়েন দু'জনই। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। অন্যজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ হাসপাতালে। তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পাওয়ার পর ঘটনাস্থলে যায় পুলিশ অধিকারিকরা। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
