shono
Advertisement
Saumitra Khan

তৃণমূলের অস্তিত্বই থাকবে না! বিজেপির দিকে পা বাড়িয়ে ৫০ বিধায়ক ও ২০ সাংসদ, বিস্ফোরক দাবি সৌমিত্রর

তিনি জানান, কেন্দ্রের বিজেপি নেতৃত্ব সবুজ সংকেত দিলেই তাঁরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করবেন।
Published By: Jaba SenPosted: 05:14 PM May 27, 2026Updated: 06:47 PM May 27, 2026

রাজনৈতিক দল হিসেবে তৃণমূল কংগ্রেসের অস্তিত্বই থাকবে না। তৃণমূলের প্রায় ৫০ জন বিধায়ক এবং ২০ জন সাংসদ বিজেপিতে যোগদানের জন্য এখনই পা বাড়িয়ে আছেন। রাজ্যে পালাবদলের পর দলবদল নিয়ে বিস্ফোরক এই দাবি করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan)। তিনি জানান, কেন্দ্রের বিজেপি নেতৃত্ব সবুজ সংকেত দিলেই তাঁরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করবেন।

Advertisement

সৌমিত্র খাঁ জানান, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব একবার অনুমতি দিলেই তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দলটিই আর থাকবে না। সবাই আসতে প্রস্তুত। তৃণমূলের প্রায় ৫০ জন বিধায়ক দলীয় নেতৃত্বকে নিয়ে অসন্তুষ্ট রয়েছেন। তাঁরা বিজেপির দিকে পা বাড়িয়ে রয়েছে। এছাড়াও দলের ২০ জন সাংসদ বিজেপিতে যোগ দিতে চান।

এদিন তিনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কেও কড়া ভাষায় আক্রমণ করেন। তাঁকে 'পাপী' বলে কটাক্ষ করেন তিনি। সৌমিত্র বলেন, "পাপীদের জেলে যেতেই হবে। তাঁর বাড়ির সামনে আজ বুলডোজার দাঁড়িয়ে আছে। ২০২১ সালে বিজেপি কর্মীদের বাড়ি ভাঙা হয়েছিল। পাপের শাস্তি দ্রুত হওয়া উচিত। ওঁদের নরকে যাওয়া উচিত।" তবে সৌমিত্র খাঁ'র এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, "এ সব ভিত্তিহীন দাবি। সৌমিত্র খাঁ এবং বিজেপি ভুল তথ্য ছড়াচ্ছেন। এ রকম কিছুই ঘটবে না।"

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বেসুরো তৃণমূলের একাধিক নেতানেত্রী। আজই, দলের সমস্ত পদ ছেড়ে দিয়েছেন বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। গতকাল কল্যাণীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকে আয়োজিত প্রশাসনিক বৈঠকেও হাজির হয়েছিলেন তিনি। এছাড়াও হাজির ছিলেন বিরোধী দলের বিধায়করা। এছাড়াও উত্তরবঙ্গের উত্তরকন্যায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিকের প্রশাসনিক বৈঠকেও হাজির হয়েছিলেন তৃণমূলের ১৩ জন বিধায়ক। প্রশাসনিক বৈঠকে হাজির হয়ে রাজ্য সরকারকে সহযোগিতার বার্তা দিচ্ছেন তৃণমূল বিধায়করা। অন্যদিকে, রাজ্যজুড়ে একের পর এক পুরসভায় গণ ইস্তফা দিচ্ছেন পুরপ্রধান, কাউন্সিলররা। এছাড়াও দলের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগে চাপে পড়েছে তৃণমূল। এই আবহে বিজেপি সাংসদের দলবদল সম্পর্কিত এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement