আগামীকাল বৃহস্পতিবার মায়াপুর সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সকাল ১০ টা নাগাদ হেলিকপ্টারে করে মায়াপুরের হেলিপ্যাডে নামবেন তিনি। সূত্রের খবর, মায়াপুরে নেমে গোশালায় গিয়ে মুখ্যমন্ত্রী গোমাতার পুজো করতে পারেন। এরপর একটি যজ্ঞানুষ্ঠানেও তাঁর অংশগ্রহণ করার কথা রয়েছে। বিজেপির তরফে এখনও এবিষয়ে কিছু জানানো হয়নি। যদিও জানা গিয়েছে, এটি শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সফর।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে হেলিকপ্টারে চেপে কলকাতা থেকে মায়াপুরের উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন তাঁর সঙ্গে দলের কয়েকজন সাংসদ ও বিধায়কও থাকতে পারেন। সকাল ১০ টা নাগাদ মায়াপুরের হেলিপ্যাডে পৌঁছবে তাঁর হেলিকপ্টার। তারপর সেখান থেকে শুভেন্দুর গোশালায় যাওয়ার কথা রয়েছে। সেখানে গোমাতার পুজো দেবেন তিনি। এরপর মায়াপুরের চন্দ্রোদয় মন্দিরেও যাবেন মুখ্যমন্ত্রী। একটি যজ্ঞানুষ্ঠানে যোগদান করার কথা রয়েছে তাঁর। জানা গিয়েছে, এই সফরে তিনি সাধুসন্তদের সঙ্গে বৈঠক করবেন। সেই বৈঠকে তিনি কী নিয়ে আলোচনা করবেন সেদিকেই নজর রয়েছে।
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ৯ মে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। শপথ নেওয়ার পর তিনি প্রথমবার দক্ষিণ ২৪ পরগনায় জেলা সফরে গিয়েছিলেন। সেখানে ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক করেন তিনি। ফলতায় পুনর্নির্বাচনের আগে সেখানে জনসভাও করেন। এরপর উত্তরবঙ্গ সফরেও যান শুভেন্দু। সেখানেও প্রশাসনিক বৈঠক করেন তিনি। গতকাল নদিয়ার কল্যাণীতে তিন জেলার প্রশাসনিক বৈঠকে অংশগ্রহণ করেন শুভেন্দু। এবার তিনি মায়াপুর সফরে যাচ্ছেন বলে জানা গিয়েছে। যদিও তিনি সেখানে কোনও দলীয় বা প্রশাসনিক কাজকর্মে অংশ নেবেন কি না সেবিষয়ে এখনও পর্যন্ত জানা যায়নি।
