shono
Advertisement

‘বিজেপি বাংলাকে ধ্বংস করে দিচ্ছে, মানুষে মানুষে বিভেদ তৈরি করছে’

তিস্তা চুক্তি নিয়ে ফের একবার সরব হলেন মমতা।
Posted: 03:03 PM Apr 27, 2017Updated: 09:33 AM Apr 27, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরবঙ্গ থেকে ফের একবার বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিস্তা চুক্তি নিয়ে ফের একবার সরব হলেন মমতা। বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলার বীরপাড়ার জনসভা থেকে কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশকে আমরা ভালবাসি, কিন্তু বাংলার মানুষকে বঞ্চিত করে তিস্তার জল দিতে পারব না।’ এদিন কেন্দ্রর বিরুদ্ধে বঞ্চনার অভিযোগের পাশাপাশি ফের একবার সাম্প্রদায়িকতা ইস্যুতে বিজেপিকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, ‘বিজেপি বাংলায় দাঙ্গা লাগাচ্ছে, কুৎসা ও অপপ্রচার করে বেড়াচ্ছে।’ তিনি আরও বলেছেন, ‘বিজেপি বাংলাকে ধ্বংস করে দিচ্ছে, মানুষে মানুষে বিভেদ তৈরি করছে। ওরা তৃণমূলকে ভয় দেখায়। কারণ, আগামিদেন তৃণমূল দিল্লিকে পথ দেখাবে।’ উন্নয়ন প্রসঙ্গেও এদিন বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েননি মমতা। তাঁর দাবি, সারা দেশের ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ ৭.৩% কিন্তু বাংলায় সেই গ্রোথ ১০.৫৯%। সার্ভিস সেক্টরেও সারা দেশে গ্রোথ ৯.২% সেখানে বাংলায় সেটা ১৩.৯৯%। এর পরেই তাঁর কটাক্ষ, ‘গুজরাট সামলাতে পারে না, ওরা বাংলাকে পথ দেখাতে আসছে।’

Advertisement

প্রসঙ্গত, এই মুহূর্তে তিনদিনের রাজ্য সফরে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। বৃহস্পতিবার রাজ্য নেতৃত্বের সঙ্গে ভারতীয় জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা প্রয়াত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাসভবন পরিদর্শনে যান অমিত শাহ। বাংলায় দলের হাল-হকিকত এবং শীর্ষ নেতাদের উদ্বুদ্ধ করতেই রাজ্যে আগমন অমিতের। তাঁর এই রাজ্য সফরকে মোটেই ভাল চোখে দেখছে না শাসকদল তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। মুখ্যমন্ত্রী এদিন কটাক্ষের সুরে বলেন, ‘সকাল দলিতের বাড়িতে কলাপাতায় ডাল-ভাত খেয়ে রাতে পাঁচতারা হোটেলে নৈশভোজ যাঁরা করে তাঁরা লোক দেখায়। বাংলার মানুষের সঙ্গে বঞ্চনা করতে পারব না। নির্বাচনের আগে বড় বড় কথা বলেছিল বিজেপি-সিপিএম-কংগ্রেস, আমরা মিথ্যে প্রতিশ্রুতি দিই না।’ উত্তরবঙ্গের চা-বাগানগুলির বেহাল পরিস্থিতি নিয়ে বিরোধীরা বহুবার সরব হয়েছেন। চা-বাগানগুলির পরিস্থিতি সকলেরই জানা। চা-শ্রমিকদের অনাহারে দিন কাটাতে হচ্ছে, এই অভিযোগে বিধানসভাতেও হই-হট্টগোল জুড়েছে বিরোধী দলগুলি। কিন্তু মুখ্যমন্ত্রী এদিন অভিযোগ করেন, ‘বিজেপি বলেছিল, চা-বাগানগুলি অধিগ্রহণ করবে। ১ বছর হয়ে গেল কিছুই করেনি।’ উল্লেখ্য, এদিন আলিপুরদুয়ারে ভুটানের দ্বিতীয় প্রবেশদ্বারের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার