shono
Advertisement

পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি, বিজেপির আইন অমান্যকে ঘিরে রণক্ষেত্র বসিরহাট

অভিযোগ অস্বীকার দিলীপ ঘোষের৷ The post পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি, বিজেপির আইন অমান্যকে ঘিরে রণক্ষেত্র বসিরহাট appeared first on Sangbad Pratidin.
Posted: 04:18 PM Dec 24, 2018Updated: 09:13 PM Dec 24, 2018

নবেন্দু ঘোষ, বসিরহাট: বিজেপির আইন অমান্য কর্মসূচিকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড বসিরহাটে৷ মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়ার অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে৷ পুলিশ কর্মীদের সঙ্গে ধস্তাধস্তিতেও জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা৷ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ৷ পাথরের আঘাতে চোট পেয়েছেন দুই পুলিশ আধিকারিক এবং লাঠির ঘায়ে গুরুতর চোট পেয়েছেন বেশ কয়েকজন বিজেপি কর্মী-সমর্থক৷ ঘটনায় এখন পর্যন্ত ৫৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ শাসকদলের বিরুদ্ধে অভিযোগ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷

Advertisement

[নিঃসন্তান হওয়ায় মানসিক অবসাদের জের, স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী]

জানা গিয়েছে, সোমবার বসিরহাটের টাউনমোড় থেকে শুরু হয় বিজেপির এই আইন অমান্য মিছিল৷ সেখানে প্রথমে উত্তপ্ত বক্তৃতা পেশ করেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ এরপর তাঁর নেতৃত্বেই টাউনমোড় থেকে শুরু হয় মহকুমা শাসকের দপ্তরের উদ্দেশ্যে পদযাত্রা৷ স্থানীয় সূত্রে খবর, মিছিলে গন্ডগোলের আশঙ্কায় আগে থেকেই স্থানীয় রেজিস্ট্রি অফিস মোড়ে মোতায়েন ছিল বিশাল পুলিশবাহিনী ও ব়্যাফ৷ বিজেপির পদযাত্রাকে ওখানেই আটকে দেয় মোতায়েন পুলিশ বাহিনী৷ অভিযোগ, এরপরও পুলিশের ব্যারিকেড ও গার্ডরেল ভেঙে মিছিল এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বিজেপি কর্মী-সমর্থকরা৷ পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতেও জড়িয়ে পড়েন তাঁরা এবং হঠাৎ করেই মিছিলের মধ্যে থেকে পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়েন উত্তেজিত বিজেপি কর্মীরা৷ ইটের আঘাতে গুরুতর চোট পান হাসনাবাদ থানার ওসি অনীল সাউ ও বসিরহাট থানার আইসি দেবাশিষ চট্টরাজ৷ এলাকার পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আশঙ্কায় এবং উত্তেজিত বিজেপি কর্মী সমর্থকদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ ও ব়্যাফ৷ লাঠির আঘাতে গুরুতর চোট পান বেশ কয়েকজন বিজেপি কর্মী৷ তাঁদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে৷ ঘটনায় এখনও পর্যন্ত বেশ ৫৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ তাঁরা সকলেই বিজেপি কর্মী বলে জানা গিয়েছে৷

[ছাত্রজীবনেই কমিউনিস্ট পার্টির সদস্যপদ পেয়েছিলেন নিরুপম সেন]

ঘটনার সময় সেখানেই উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ ব্যক্তিগত কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সহায়তায় কোনওক্রমে রক্ষা পান তিনি৷ এই ঘটনার জন্য রাজ্য প্রশাসন ও শাসকদলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন তিনি৷ দিলীপ ঘোষ অভিযোগ করেছেন, ‘শান্তিপূর্ণ মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ৷ বিজেপির কর্মসূচিকে পণ্ড করার জন্যই ছক কষে পুলিশের উপর আক্রমণ করেছে তৃণমূল আশ্রিত বহিরাগতরা৷’

The post পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি, বিজেপির আইন অমান্যকে ঘিরে রণক্ষেত্র বসিরহাট appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement