আগামীকাল অর্থাৎ রবিবার বিয়ে হওয়ার কথা ছিল তরুণীর। বাড়িতে চলছিল শেষ মুহূর্তের প্রস্তুতি, আত্মীয়-স্বজনদের আনাগোনা। কিন্তু সেই আনন্দের আবহ মুহূর্তে বদলে গেল শোকে। বিয়ের আগের দিন শনিবার সকালে ওই তরুণী ও তাঁর প্রেমিকের ঝুলন্ত দেহ উদ্ধার করা হল। দুর্গাপুর-ফরিদপুর ব্লকের জামগড়া এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পরিবার সূত্রে খবর, প্রেমিক বিবাহিত হওয়ায় তাঁদের সম্পর্ক মেনে নেয়নি তরুণীর পরিবার। সেই কারণে এই চরম সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
মৃতদের নাম বিউটি বাগদি(১৯) ও সুকুমার বাগদি(২৩)। শনিবার ভোরে এলাকাবাসীরা দেখেন, গলায় ফাঁস লাগানো অবস্থায় গাছ থেকে তাঁদের দেহ ঝুলছে। এই দৃশ্য দেখে খবর দেওয়া হয় পুলিশে। জানা গিয়েছে, সুকুমারের বাড়ি অন্ডালের দক্ষিণখণ্ড এলাকায় এবং বিউটির বাড়ি জামগড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তবে সুকুমার বিবাহিত। সেই কারণে বিউটির পরিবারের সদস্যরা তাঁর অন্যত্র বিয়ে ঠিক করেন। রবিবারই তাঁর বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু তাঁর আগেই প্রেমিকের সঙ্গে মিলে চরম সিদ্ধান্ত নিলেন বিউটি।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহ দু'টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। কী কারণে এই চরম সিদ্ধান্ত, তা খতিয়ে দেখছে পুলিশ। বিউটির আত্মীয় বিধান বাগদি বলেন, "দীর্ঘদিন ধরে দু'জন একে অপরকে ভালোবাসত। কিন্তু সুকুমার বিবাহিত ছিল। সেই কারণেই বিউটির বিয়ে অন্যত্র ঠিক হয়। রবিবার বিউটির বিয়ে হওয়ার কথা ছিল। তার আগেই এই ঘটনা ঘটে গেল।"
