shono
Advertisement

ভূতে ধরেছে! ওঝার নিদানে ডাইনি সন্দেহে বৃদ্ধাকে বেধড়ক মারধর

আবারও রাজ্যে মধ্যযুগীয় কুসংস্কারের নিদর্শন৷
Posted: 10:52 AM Sep 08, 2018Updated: 10:52 AM Sep 08, 2018

সৌরভ মাজি, বর্ধমান: ওঝার নিদানে ডাইনি অপবাদের শিকার এক বৃদ্ধা৷ পড়তে হল গ্রামবাসীদের রোষের মুখে৷ চলল প্রচণ্ড মারধর৷ ঘটনাস্থল পূর্ব বর্ধমান জালের রায়নার বামুনিয়া গ্রাম৷ মাথায় গুরুতর চোট নিয়ে বৃদ্ধাকে ভরতি করা হয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজে৷ ঘটনায় ইতিমধ্যে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ বাকিদের খোঁজে তদন্ত চলছে৷

Advertisement

[সিগন্যালিংয়ের কাজের জের, আজও শিয়ালদহ মেন শাখায় ব্যাহত ট্রেন চলাচল]

জানা গিয়েছে, মূল অভিযুক্ত সুজয় মল্লিক ওই গ্রামেরই বাসিন্দা৷ কয়েকদিন আগেই তার স্ত্রী রমা মল্লিক অসুস্থ হয়ে পড়েন। তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় এক ওঝার কাছে৷ সেই ওঝা জানায়, রমাকে নাকি ভূতে ধরেছে এবং যার পিছনে রয়েছে ওই বৃদ্ধার কালো জাদু৷ তিনিই নাকি তুকতাক করে রমাকে অসুস্থ করেছেন। অভিযোগ, ওঝার কাছে এসব শোনার পরেই বৃদ্ধার বিরুদ্ধে ক্ষোভে ফুটতে থাকে অভিযুক্ত সুজয়ের পরিবার৷ রাতের অন্ধকারে সুজয়, রমা, সুজয়ের বাবা মনসা ও মা সন্ধ্যারানি ওই বৃদ্ধার বাড়িতে চড়াও হয়। বেধড়ক মারধর করা হয় তাঁকে৷ লাঠি দিয়ে মেরে ফাটিয়ে দেওয়া হয় মাথা৷ পরে তাঁর প্রতিবেশী বাবলু সর্দার বৃদ্ধাকে উদ্ধার করে বর্ধমান জেলা হাসপাতালে ভরতি করেন৷

[পঞ্চায়েত বোর্ড গঠনে আক্রান্ত জয়েন্ট বিডিও, গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মার]

হাসপাতাল সূত্রে খবর, বৃদ্ধার মাথায় গভীর চোট রয়েছে৷ ইতিমধ্যে সুজয় মল্লিক ও তার পরিবারের বাকি তিন সদস্যের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়৷ সেই অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার মনসা মল্লিক ও তার স্ত্রী সন্ধ্যারানিকে গ্রেপ্তার করা হয় বলে খবর৷ খোঁজ চলছে, মূল অভিযুক্ত সুজয় মল্লিক ও তাঁর স্ত্রী রমা মল্লিকের৷ ঘটনায় বর্ধমান দক্ষিণের মহকুমা শাসক অনির্বাণ কোলে জানান, সম্ভবত বৃদ্ধার সঙ্গে ওই ওঝার কোনও ব্যক্তিগত শত্রুতা ছিল৷ সেই প্রতিহিংসা চরিতার্থ করতেই এই ভূতে ধরার চক্রান্ত করা হয়েছে৷ আরও ভাল চিকিৎসার জন্য বৃদ্ধাকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে বলে জানা গিয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement