সুবীর দাস, কল্যাণী: লোকসভা ভোটের পর বিজেপিতে যোগ দিয়েছেন দলের বেশ কয়েকজন কাউন্সিলর। পদত্যাগ করলেন তৃণমূল পরিচালিত হরিণঘাটা পুরসভার চেয়ারম্যান রাজীব দালালও। নিয়ম মেনে কল্যাণীর মহকুমা শাসকের কাছে ইস্তফাপত্র জমা দিয়েছেন তিনি। আপাতত চেয়ারম্যানের দায়িত্ব সামলাবেন হরিণঘাটা পুরসভার ভাইস চেয়ারম্যান সঞ্জীব রাম।
[আরও পড়ুন: হুগলিতে তৃণমূলের জেলা সভাপতি বদল, পদ খোয়ালেন মন্ত্রী তপন দাশগুপ্ত]
লোকসভা ভোটের পর থেকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার হিড়িক পড়ে গিয়েছে। স্রেফ কাউন্সিলরদের দলবদলের কারণে রাজ্যের বেশ কয়েকটি পুরসভায় বিপাকে পড়েছে এ রাজ্যের শাসকদল। বস্তুত, উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় দল ভাঙিয়ে পুরসভা দখল করে নিয়েছে বিজেপি। নদিয়ার হরিণঘাটা পুরসভায়ও ভাঙন ধরেছে তৃণমূল কংগ্রেসে। কয়েক দিন আগে বারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছেন রাজ্যের শাসকদলের ৭ জন কাউন্সিলর। বাকি দশজন কাউন্সিলর অবশ্য এখনও তৃণমূল কংগ্রেসেই আছেন। এই যখন পরিস্থিতি, ঠিক তখনই স্বেচ্ছায় পদত্যাগ করলেন হরিণঘাটা পুরসভার চেয়ারম্যান রাজীব দালাল। জানা গিয়েছে, দিন কয়েক আগে বোর্ড অফ কাউন্সিলের বৈঠকে দায়িত্ব থেকে অব্যাহতি চান হরিণঘাটা পুরসভার চেয়ারম্যান রাজীব দালাল। তাঁর আবেদন গৃহীতও হয়ে যায়। এরপরই কল্যাণীর মহকুমা শাসকের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দেন চেয়ারম্যান। মহকুমা শাসক জানিয়েছেন, আপাতত পুরসভার দায়িত্ব সামলাবেন ভাইস চেয়ারম্যান সঞ্জীব রাম। খুব তাড়াতাড়ি বোর্ড অফ কাউন্সিলের বৈঠক ডেকে কাউন্সিলরদের সম্মতিক্রম নতুন চেয়ারম্যানকে নির্বাচিত করা হবে।
কিন্তু হঠাৎ কেন ইস্তফা দিলেন চেয়ারম্যান? এর নেপথ্যে কি কোনও নয়া রাজনৈতিক সমীকরণ রযেছে? তেমন সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন পদত্যাগী চেয়ারম্যান। তাঁর দাবি, রাজনৈতিক কারণে নয়, নিজের ইচ্ছাতেই পদ ছেড়েছেন। এদিকে তৃণমূল কংগ্রেসের অন্দরের খবর, চেয়ারম্যানের কাজে খুব একটা খুশি ছিলেন না হরিণঘাটা পুরসভার তৃণমূল কাউন্সিলরদের একাংশ। বিষয়টি দলের নেতৃত্বকে জানিয়েওছিলেন তাঁরা।
[ আরও পড়ুন: দুর্গাপুজোর পর রথযাত্রা, বিতর্ক উসকে বাইশটি ক্লাবকে ২৫ হাজার টাকা করে অনুদান রাজ্যের]
The post গেরুয়া শিবিরে তৃণমূলের সাত কাউন্সিলর, পদত্যাগ করলেন হরিণঘাটা পুরসভার চেয়ারম্যানও appeared first on Sangbad Pratidin.
