shono
Advertisement
CM Suvendu Adhikari

হুল দিবসে আদিবাসী পড়ুয়াদের ভাতা বাড়ালেন শুভেন্দু, জয় জোহার প্রকল্পে মিলবে কত টাকা?

আজ, মঙ্গলবার বাঁকুড়ায় হুল দিবসের অনুষ্ঠানে ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
Published By: Jaba SenPosted: 08:55 PM Jun 30, 2026Updated: 08:59 PM Jun 30, 2026

আদিবাসীদের ভাতা বৃদ্ধি নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আদিবাসী পড়ুয়া-সহ জয় জোহার প্রকল্পের আওতায় বয়স্ক আদিবাসীদের জন্য ভাতা বাড়ানোর কথা ঘোষণা করেন তিনি। আদিবাসী পড়ুয়ারা হস্টেলে থাকা খাওয়ার জন্য ভাতা বাড়ানো হয়েছে। অন্যদিকে, জয় জোহার প্রকল্পে মাসে ৫০০ টাকা ভাতা বৃদ্ধি করেছে রাজ্য সরকার।

Advertisement

আজ, মঙ্গলবার বাঁকুড়ায় হুল দিবসের অনুষ্ঠানে ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেন শুভেন্দু। আগে আদিবাসী পড়ুয়ারা হস্টেলে থাকা-খাওয়ার জন্য ১৮০০ টাকা ভাতা পেতেন। সেই ভাতা বেড়ে এবার ৩ হাজার ৩০০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। অন্যদিকে জয় জোহার প্রকল্পে বয়স্ক আদিবাসীদের ভাতা বৃদ্ধি করা হয়েছে। এই প্রকল্পের আওতায় সুবিধাভোগীরা এক হাজার টাকা করে পেতেন। সেই ভাতা ৫০০ টাকা করে বাড়ানোর কথা জানান মুখ্যমন্ত্রী। এবার থেকে ১৫০০ টাকা করে ভাতা পাবেন সুবিধাভোগীরা।

জয় জোহার রাজ্য সরকারের আদিবাসী কল্যাণ দপ্তরের একটি সামাজিক সুরক্ষা প্রকল্প। এই প্রকল্পের আওতায় তপশিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের ৬০ বছর বা তার বেশি বয়সি প্রবীণদের প্রতি মাসে বার্ধক্য ভাতা দেওয়া হয়। সেই ভাতা বৃদ্ধির কথাই এদিন ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। তিনি আরও জানান, ছাত্রাবাসের সংস্কার, শ্রেণিকক্ষ নির্মাণ, বিদ্যালয়গুলিতে বহুমুখী স্টেডিয়াম স্থাপন করা হবে। আদিবাসী এলাকায় খেলাধূলার মান উন্নয়নের জন্যও কাজ করবে সরকার। লোধা-সহ প্রাচীন আদিবাসী গোষ্ঠীদের জন্য আলাদা খাদ্য নিরাপত্তা-সহ বেশ কয়েকটি কর্মসূচি চালু করেছে রাজ্য সরকার। আগস্ট মাস থেকে এর সুবিধা পাবেন তাঁরা।

এদিন হুল দিবসের অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, তৃণমূল সরকারের আমলে রাজ্যে এসটি সার্টিফিকেট নিয়ে বড় দুর্নীতি হয়েছে। ভুয়ো সার্টিফিকেট যারা দিয়েছে ও নিয়েছে, তাঁদের গ্রেপ্তার করা হবে বলে বড় হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, মঞ্চ থেকে আদিবাসীদের উন্নয়নের বার্তা দেওয়া হয়েছে। তিনি জানান জঙ্গলমহলের উন্নতিতে রাজ্য সরকার কাজ শুরু করে দিয়েছে। আদিবাদী, মূলবাসীদের উন্নয়নে রাজ্য সরকার প্রতিজ্ঞাবদ্ধ। সেই বার্তাও এদিন জানান মুখ্যমন্ত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement