shono
Advertisement
CPM

তারকেশ্বর, আগরপাড়ায় সিপিএম কার্যালয়ে ভাঙচুর-আগুন, মধ্যরাতে হামলার নেপথ্যে কারা?

দুটি পার্টি অফিসই বহু পুরনো এবং তছনছ হয়ে গিয়েছে। তদন্তে নেমেছে পুলিশ।
Published By: Sucheta SenguptaPosted: 03:09 PM Aug 26, 2026Updated: 03:16 PM Aug 26, 2026

মধ্যরাতে হামলা কমিউনিস্ট পার্টির কার্যালয়ে! হুগলির তারকেশ্বর ও উত্তর ২৪ পরগনার আগরপাড়ায় সিপিএমের পার্টি অফিসে ভাঙচুরের মতো ঘটনা ঘিরে চাঞ্চল্য দুটি এলাকায়। ভাঙচুরের জেরে তারকেশ্বরের পুরনো পার্টি অফিসটি একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মাঝরাতে কে বা কারা এমনটা ঘটাল, তার তদন্তে নেমেছে পুলিশ। আগরপাড়ার ঘটনায় বুধবার সকালেও তুমুল উত্তেজনা ছিল এলাকায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই জায়গাতেই হামলার নেপথ্যে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা রয়েছে বলে অভিযোগ সিপিএমের। বিজেপি তা অস্বীকার করে জানিয়েছে, এর পিছনে বিজেপি নয়, রয়েছে তৃণমূল।

Advertisement

২৬ আগস্ট, বুধবার তারকেশ্বরে সিপিএম পার্টি অফিসে হামলা, অগ্নিসংযোগের পরিস্থিতি ঘুরে দেখাচ্ছেন সিপিএমের প্রবীণ কর্মী, নিজস্ব ছবি

তারকেশ্বরের মুক্তারপুর এলাকার সিপিএমের পার্টি অফিসটি প্রায় ৪০ বছরের পুরনো। এখানেই গভীর রাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পার্টি অফিসে থাকা আসবাবপত্র, টিভি থেকে শুরু করে পার্টির যাবতীয় দলিল, দেওয়ালে টাঙানো কমরেডদের ছবি সমস্ত নষ্ট হয়ে যায়। অন্যদিকে, সিপিএমের দলীয় কার্যালয়ের কাছেই রাখা ছিল তৃণমূল নেতার একটি চার চাকা গাড়ি সেটিও ভাঙচুর করা হয়। অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। রাতেই তারকেশ্বর থানা ও দমকলে খবর দেওয়া হয়। দমকলের গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

২৬ আগস্ট, বুধবার আগরপাড়ার উষুমপুরে সিপিএম পার্টি অফিসে হামলার পর তীব্র উত্তেজনা এলাকায়, নিজস্ব ছবি

অন্যদিকে, প্রায় একই কায়দায় হামলা হয়েছে আগরপাড়ার উষুমপুরে। প্রায় ৫০ বছরের বেশি পুরনো সিপিএমের ওই পার্টি অফিসটি। সেই 'প্রমোদ দাশগুপ্ত স্মৃতি ভবনে' একদল দুষ্কৃতী এলাকার আলো নিভিয়ে ভাঙচুর করা হয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে এলাকার সিপিএমের কর্মী-সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েন। এলাকায় ব্যাপক উত্তেজনার পরিবেশ তৈরি হয়। খবর পেয়ে বারাকপুর পুলিশ কমিশনারেটের ঘোলা থানার পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে সব খতিয়ে দেখে। পার্টির পক্ষ থেকে ঘোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। বুধবার সকালেও সেখানে বেশ উত্তেজনা ছিল। দুটি ঘটনাতেই অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। তবে তারকেশ্বরের বিজেপির স্থানীয় মণ্ডল সভাপতির দাবি, সিপিএমের পার্টি অফিসে আগুন লাগানোর ঘটনায় বিজেপির কেউ জড়িত নয়, তৃণমূলের লোকজনই এই হামলা চালিয়েছে। দুটি জায়গায় তদন্তে নেমেছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement