shono
Advertisement
Darjeeling

প্রবল ঝড় ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত দার্জিলিং-সিকিম, গাছ পড়ে বিচ্ছিন্ন বহু এলাকা, আটকে পর্যটকরা

রবিবার বিকেল থেকে প্রবল ঝড় ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত দার্জিলিং ও সিকিমের স্বাভাবিক জনজীবন। বিপাকে পড়েছেন কয়েক হাজার পর্যটক। সিকিমের বিস্তীর্ণ এলাকায় গাছ উপড়ে অবরুদ্ধ হয়েছে সড়ক। গাছে চাপা পড়ে বিধ্বস্ত হয়েছে একাধিক গাড়ি ও বাড়ি।
Published By: Suhrid DasPosted: 08:40 PM Mar 15, 2026Updated: 08:54 PM Mar 15, 2026

রবিবার বিকেল থেকে প্রবল ঝড় ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত দার্জিলিং ও সিকিমের স্বাভাবিক জনজীবন। বিপাকে পড়েছেন কয়েক হাজার পর্যটক। সিকিমের বিস্তীর্ণ এলাকায় গাছ উপড়ে অবরুদ্ধ হয়েছে সড়ক। গাছে চাপা পড়ে বিধ্বস্ত হয়েছে একাধিক গাড়ি ও বাড়ি। রাত ৮টা পর্যন্ত সিকিমে ৭ জন জখমের খবর মিলেছে। রাকডং এলাকায় বজ্রপাতের সময় গাছ ভেঙে পড়ে এক মহিলার মৃত্যু হয়েছে। সিকিম প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম কলা দেবী ছেত্রী (৫৫)।

Advertisement

বিদ্যুৎ বিচ্ছিন্ন বিভিন্ন শহর ও গ্রাম। সন্ধ্যা নামতে অন্ধকারে তলিয়ে যায় গোটা এলাকা। বিপর্যয় মোকাবিলা উদ্ধার অভিযানে নেমেছে। তবে প্রতিকূল আবহাওয়া এবং অন্ধকার থাকায় গাছ কেটে উদ্ধার কাজ চালাতে রীতিমতো বেগ পেতে হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেলের পর থেকে সিকিম ও দার্জিলিংয়ে প্রবল ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় শিলাবৃষ্টি।

শিলাবৃষ্টিতে বরফ জমে সাদা হয়ে গিয়েছে রাস্তা। নিজস্ব চিত্র

দার্জিলিং শহর ও আশপাশের এলাকা বরফের চাদরের মতো শিলার আস্তরণে ঢেকে যায়। একই পরিস্থিতি ছিলো সিকিমের। সেখানে গাছপালা উপড়ে পড়ে সড়ক অবরুদ্ধ হয়। হোটেলে ফেরার পথে রাস্তায় আটকে পড়েন প্রচুর পর্যটক। মুহূর্তে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শিলাবৃষ্টি ও দমকা ঝড়ের সঙ্গে ছিল কান ফাটানো বজ্রপাত। তীব্র শিলাবৃষ্টি এবং বজ্রপাতের ফলে কিছু এলাকায় ভ্রমণে অসুবিধা হয়। সাময়িক বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। সিকিম প্রশাসনের তরফে স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের ভ্রমণের সময় সতর্ক থাকার নির্দেশ জারি করেছে। ঝড়ে গাছ ভেঙে বিধ্বস্ত হয়েছে প্রচুর বাড়ি।

রাকডং এলাকায় বজ্রপাতের সঙ্গে গাছ ভেঙে পড়ে এক মহিলার মৃত্যু হয়। তিনি ওই এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবল বাতাস এবং তীব্র বৃষ্টিপাতের ফলে হঠাৎ একটি গাছ ভেঙে পড়ে এবং তার মাথায় আঘাত লাগে। তীব্র আঘাতের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিভিন্ন এলাকায় গাছ উপড়ে পড়ার এবং যানবাহন চলাচল ব্যাহত হওয়ার খবর পাওয়া গেছে। ছোট্টা সিংতামের লেপচা গাঁওয়ে গাড়ির উপর একটি বড় গাছ ভেঙে পড়ে। সিকিমের বিভিন্ন অংশে ভারী শিলাবৃষ্টি এবং তীব্র বাতাসের কারণে অসংখ্য গাছ উপড়ে পড়ে। গোলাইয়ের কাছে বজ্রপাতে বিশাল পাইন গাছ ভেঙে পড়ার খবর মিলেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement